দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর মধ্যে প্রায় ১৫ ফুট উঁচু ‘লৌহদ্বীপ’ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ওই দ্বীপ এলাকা দৈর্ঘ্যে প্রায় দেড় কিলোমিটার এবং প্রস্থে ৫৫ ফুট। সেখানে লোহার অস্তিত্ব বা খনির ধারণার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।পেট্রোবাংলার সাবেক পরিচালক, বিশিষ্ট খনি প্রকৌশলী এহসান উল্লাহ্ বলেন, দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে লৌহ খনির অস্তিত্ব থাকতে পারে। অবিশ্বাস করার কিছুই নেই। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করা রাসায়নিক পরীক্ষার পর এখন দরকার ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) জরিপ করে দেখা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহাদাৎ হোসেন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে করা পরীক্ষায় আত্রাই নদীর ওই লৌহদ্বীপের শিলার সঙ্গে হুবহু মিল পাওয়া গেছে গবেষণাগারে রাখা লোহার আকরিকের।শাহাদাৎ হোসেন খান আরও জানান, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম জিয়াউল হক তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করবেন।