ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান, টাকা নেননি
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চট্টগ্রামের আনোয়ারা উপ-জেলার তালসরা দরগাহের অভিযানে অংশ নিলেও কোনো টাকার ভাগ নেননি বলে দাবি করেছেন র্যাবের দুজন কর্মকর্তা।গতকাল বৃহস্পতিবার র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল বাশার ও পুলিশের উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে ১৮ মার্চ র্যাবের সোর্স দিদার ১৬৪ ধারায় প্রথম জবানবন্দি দিয়েছিলেন। বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালতে জবানবন্দি শেষ হওয়ার পর দুই সদস্যকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালত সূত্র জানায়, ডিএডি বাশার ও এসআই তরুণকে গত বুধবার আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। গতকাল তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। সেখানে তাঁরা দরগাহে ডাকাতির বিস্তারিত বর্ণনা দেন। তাঁদের দুজনের জবানবন্দি প্রায় অভিন্ন বলে জানা গেছে। সূত্রমতে, জবানবন্দিতে ডিএডি বাশার বলেন, ‘গত বছরের ৪ নভেম্বর তালসরা দরগাহে অভিযান চালানো হয়। ওই দিন দুপুরে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদুল হাসান র্যাবের এক সদস্যকে দিয়ে আমাকে ডেকে পাঠান। আমি তাঁর কাছে গেলে তিনি (মাহমুদুল) আমাকে র্যাবের সশস্ত্র আট সদস্যকে প্রস্তুত রাখতে বলেন। চান্দগাঁও থেকে এসআই তরুণও আমাদের সঙ্গে যোগ দেন। পরে ফ্লাইট লে. মাহমুদুল একটি গাড়িতে চড়ে আনোয়ারার উদ্দেশে রওনা হন। পরের গাড়িতে আমরা আটজন রওনা হই। কর্ণফুলী সেতুর কাছে পৌঁছলে র্যাবের সোর্স দিদার মাহমুদুল সাহেবের গাড়িতে ওঠেন। কর্ণফুলী সেতুর কাছে আমাদের বহরে র্যাবের আরেকটি গাড়ি যুক্ত হয়। তিনটি গাড়ি নিয়ে আমরা দরগাহে পৌঁছি। ফ্লাইট লে. মাহমুদুল ও এসআই তরুণ সোর্স দিদারকে নিয়ে তল্লাশি চালান। আমাকে দরগাহের খামার ঘরে তল্লাশি করতে নির্দেশ দেওয়া হয়। আমি খামারে তল্লাশি করে কিছু পাইনি। তবে দরগাহের ভেতর তল্লাশি চালিয়ে ফ্লাইট লে. মাহমুদুল অনেক টাকা পান। অভিযানে মিয়ানমারের পাঁচ নাগরিককেও আটক করা হয়।’ ডিএডি বাশার জবানবন্দিতে আরও বলেন, ‘বিপুল টাকা পাওয়ার পর র্যাবের অধিনায়ক লে. কর্নেল জুলফিকারকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযান শেষ হওয়ার পর তাঁকে মিয়ানমারের পাঁচ নাগরিকের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনো জব্দ তালিকা না দেওয়ায় তিনি মামলা করতে রাজি হননি। পরে ফ্লাইট লে. মাহমুদুল আমাকে ধমক দিয়ে বলেন, র্যাবের সদর দপ্তরে সিও (র্যাব অধিনায়ক) যোগাযোগ করেছেন। উদ্ধার হওয়া টাকার ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে। আপনি আপনার কাজ করেন।’ বাশার জবানবন্দিতে বলেন, ‘ঘটনার কয়েক দিন পর আমার কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। তাতে বলা হয়, দরগাহে কোনো টাকা পাওয়া যায়নি। ফ্লাইট লে. মাহমুদুল এই অঙ্গীকারনামা নেন।’ তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি দরগাহে অভিযানে যাই। সেখান লুণ্ঠিত টাকার কোনো ভাগ আমাকে দেওয়া হয়নি।’ এসআই তরুণ বসুও অনুরূপ বর্ণনা দিয়েছেন। তিনি আদালতের কাছে দাবি করেছেন, লুণ্ঠিত টাকার ভাগ তিনি পাননি।