যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সড়ক ও রেল) খন্দকার মো. ইখতিয়ার হায়দার গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক পরিদর্শন করেছেন। এ সময় ঢাকার ভারতীয় দূতাবাসের প্রথম সচিব সুশীল সিংহাল, বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও বাস্তবায়ন) মোস্তাক হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (কুমিল্লা অঞ্চল) জাফর উল্লাহসহ ঊর্ধ্বতন কয়েকজন প্রকৌশলী তাঁর সঙ্গে ছিলেন। সড়ক পরিদর্শনে আসা দলটি পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।মতবিনিময়ে উপস্থিত দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া সড়ক দিয়েই ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের যন্ত্রপাতিবাহী ভারী যান চলাচল করবে। এই যানগুলো প্রায় ৮০ ফুট লম্বা, আর যেসব যন্ত্রপাতি যাবে তা-ও অনেক ভারী। যানগুলো যন্ত্রপাতিসহ এই সড়কে চলাচল করবে সর্বোচ্চ পাঁচ কিলোমিটার গতিতে। তবে কবে নাগাদ এই সড়ক দিয়ে ভারী যন্ত্রপাতিবাহী ভারতীয় যানগুলো এই পথে চলাচল করবে, তা কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি।বৈঠকে উপস্থিত আখাউড়া পৌরসভার মেয়র মো. নুরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত ওই ভারী যানগুলো চলাচল করবে। এ সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট সহনীয় পর্যায়ে রাখতে প্রতি পাঁচ কিলোমিটার পর পর ভারী যানগুলোকে পাশ কাটিয়ে রাখতে একটি করে সংযোগস্থানও নির্মাণ করা হবে। ওই স্থানে ভারী যান থামিয়ে এই সড়কগুলোতে চলাচলকারী যানগুলোকে আসা-যাওয়ার সুযোগ করে দেওয়া হবে বলে মতবিনিময়কালে যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়েছে।আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ভারী পণ্য ও যন্ত্রপাতিবোঝাই যান চলাচলের জন্য আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কটি উপযোগী করা হবে বলেও যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ জন্যই সড়কটি যোগাযোগ মন্ত্রণালয়, সওজ প্রকৌশলী ও ঢাকার ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা দেখতে এসেছিলেন।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৪৬ কিলোমিটার সড়কটি ভারতের অর্থায়নে উপযোগী করা হবে। এই সড়কে ভারতীয় ভারী যানগুলো সর্বোচ্চ ৩২৫ টন ওজনের যন্ত্রপাতি নিয়ে চলাচল করবে। ব্রাহ্মণবাড়িয়া সওজ সড়ক উপযোগী করার সময় তদারকি করবে।