ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপহার দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত না হতে অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের প্রতি পরিপত্র জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এমন কর্মকাণ্ডকে সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে।
গত বছরের ৩০ নভেম্বর পাউবোর সচিব মো. মুজিবুর রহমান এ পরিপত্র জারি করেছেন। পরিপত্রের অনুলিপি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর ও সিনিয়র সচিবের একান্ত সচিব ছাড়াও সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
পরিপত্রে বলা হয়, মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায়ই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিবীক্ষণ করতে প্রকল্প সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে থাকেন। এটি তাঁদের রুটিন কাজ। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, প্রকল্পসংশ্লিষ্ট এলাকা বা জোনের দপ্তর বা বিভাগ ও উৎসাহী ব্যক্তিরা পরিদর্শনে যাওয়া কর্মকর্তাদের উপহার বা উপঢৌকন প্রদানের প্রতিযোগিতায় লিপ্ত হন, যা কোনোভাবে কাম্য নয়। এ ধরনের প্রতিযোগিতা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর পরিপন্থী।
পরিপত্রে বলা হয়, মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প পরিদর্শনে গেলে তাঁদের যেকোনো উপহার বা উপঢৌকন দেওয়া থেকে বিরত থাকার জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেওয়া হচ্ছে।
তবে নির্দেশ অমান্যকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি পরিপত্রে।
সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯–এর উপবিধি ৫–এ বলা হয়েছে, এই বিধিতে অন্য কিছু উল্লেখ না থাকলে কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো উপহার নিজে গ্রহণ বা তাঁর পরিবারের কোনো সদস্যকে কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণের অনুমতি দেবেন না, যা তাঁকে কোনো উপায়ে তাঁর অফিসের কার্য সম্পাদনে উপহার প্রদানকারীর প্রতি প্রতিদানের বাধ্যবাধকতায় আবদ্ধ করে। যদি কোনো অশোভন আচরণ প্রদর্শন ছাড়া উপহার প্রত্যাখ্যান করতে না পারেন, তবে তিনি তা গ্রহণক্রমে সরকারের কাছে নিষ্পত্তির সিদ্ধান্তের জন্য পাঠাবেন। কোনো উপহার গ্রহণ সরকারি কর্মচারীকে দাতার সঙ্গে কোনো প্রকার প্রতিদানের বাধ্যবাধকতায় আবদ্ধ করতে পারে কি না, এই মর্মে প্রশ্ন উত্থাপিত হলে ওই ব্যাপারে সরকারি সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
আচরণ বিধিমালায় আরও বলা হয়েছে, যদি কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি কোনো উপহার প্রদান করতে চান, তাহলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী দাতাকে কোনো মনঃকষ্ট দেওয়া ছাড়া উপহার গ্রহণ এড়িয়ে যেতে সচেষ্ট হবেন। যদি তা না পারেন, তবে উপহার গ্রহণ করবেন ও গ্রহণের তথ্য নিষ্পত্তির আদেশ দিতে সংস্থাপন মন্ত্রণালয়কে অবহিত করবেন।
বিধিমালার উপবিধি ১০ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী নিজ অধিক্ষেত্রের মধ্যে যাঁর সঙ্গে তাঁর সরকারি কাজের যোগাযোগ রয়েছে, এমন ব্যক্তির সঙ্গে ধার গ্রহণ বা প্রদান বা তাঁকে কোনো আর্থিক প্রতিদানজনিত বাধ্যবাধকতার বন্ধনে আবদ্ধ করতে পারে, এমন বিষয়ে সম্পৃক্ত হবেন না। তবে এই উপবিধি যৌথ মূলধন সম্বন্ধীয় কারবার, ব্যাংক অথবা সুপ্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।