ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে হাকালুকির দুর্গতদের কান্না
মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়ায় গতকাল শনিবার দীর্ঘ জলাবদ্ধতা পরিদর্শনে আসা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালকসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে ভুক্তভোগীরা দুঃসহ পরিস্থিতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের কথা শুনে মহাপরিচালক প্রাথমিকভাবে জুড়ী নদীর মোহনায় দ্রুত খননকাজ শুরু করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দেন।সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাউবোর মহাপরিচালক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাকালুকি হাওরপারের দীর্ঘ জলাবদ্ধতা পরিদর্শনে আসেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পরিদর্শন শেষে গতকাল সন্ধ্যা সাতটায় কর্মকর্তারা জুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌঁছান। এ সময় জড়ো হওয়া হাওরপারের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক লোক জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাউবোর কর্মকর্তারা প্রশাসনের কর্মকর্তা ও ভুক্তভোগীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজির উদ্দিন, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোছলেহ উদ্দিন প্রমুখ। উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতি তুলে ধরেন ইউএনও মনীষ চাকমা।ভুক্তভোগীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হাজার হাজার হেক্টর খেতের বোরো ফসল ঘরে তোলার আগেই পাহাড়ি ঢলে ভেসে গেছে। রোপা আমনের খেত করা যায়নি। গোখাদ্যের অভাবে কৃষকেরা হালের বলদ বিক্রি করছেন। সামনে আরেকটা বোরো মৌসুম। পাঁচ মাস যাবৎ বাড়িঘরে পানি। জমিতে পানি। কী করে খাব। কীভাবে বাঁচব আমরা।’ ভুক্তভোগীরা তাঁদের বক্তব্যে বলেন, ২০০৪ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকোয়ারি বিলের কাছে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করায় এবং মূল নদীর মোহনায় পাশের দুটি ইটভাটার খোয়া ফেলে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও হাওরে জমাট হওয়া পানি জুড়ীর মূল এবং শাখানদী দিয়ে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে নিষ্কাশিত হতো। এ ছাড়া পলি জমে ভরাট হওয়ায় কুশিয়ারা, জুড়ী, ফানাই ও সোনাই নদীর নাব্যতা কমে গেছে। সেগুলো দীর্ঘদিন যাবৎ খনন করা হচ্ছে না। অবিলম্বে জলাবদ্ধতা দূরীকরণসহ নদনদী খননের উদ্যোগ নিতে হবে।পাউবোর মহাপরিচালক বলেন, নারায়ণগঞ্জ থেকে খননযন্ত্র পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই জুড়ী নদীর মোহনায় কিছুটা জায়গা খনন করে পানি নিষ্কাশনের প্রাথমিক ব্যবস্থা করা হবে। আর সার্বিক বিষয় কাল (আজ রোববার) পানিসম্পদমন্ত্রীকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।টানা ভারী বর্ষণ ও নদনদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এপ্রিলের শেষ দিকে হাকালুকি হাওর উপচে তীরবর্তী মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন গ্রামে অকালবন্যা ও দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়।