ঊর্ধ্বতনের ফরমাশ খাটতে গিয়ে অধস্তনের জীবন বলি?
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চতুর্থ শ্রেণির এক কর্মচারীর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চতুর্থ শ্রেণির ওই কর্মচারীর নাম নুরুল ইসলাম। তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। অভিযোগ উঠেছে, এপ্রিলের প্রথম সপ্তাহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব তাঁকে (নুরুল ইসলাম) বাসায় কাজ করানোর জন্য নিয়ে যান। একপর্যায়ে বাসার ফ্রিজ ওঠাতে গেলে তা তাঁর পায়ের ওপর পড়ে যায়। ক্ষতের স্থানে পচন ধরায় প্রথমে পা কেটে ফেলা হয়, পরে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। তাঁর কিডনিও বিকল হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম ১৪ মে মারা যান।
মৃত্যুর এক দিন আগে ১৩ মে সিসিইউতে গিয়ে নুরুল ইসলামকে বিছানার ওপর বসে থাকতে দেখা যায়। স্ত্রী মোছাম্মৎ আছিয়া বেগম তাঁকে ধরে বসে ছিলেন। আছিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘শুলে ওর দম বন্ধ হয়ে আসতিছে। তাই ধরে বসে আছি।’ তারও দিন দুয়েক আগে থেকে যন্ত্রণায় তাঁর কথা বন্ধ ছিল।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল। পায়ের ওপর ভারী কোনো জিনিস পড়ে যাওয়ায় ক্ষত হয়। পরে ওই ক্ষত থেকে আরও জটিলতা তৈরি হয়।
নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় অধিদপ্তরের কর্মচারীরা ক্ষুব্ধ হন। এ নিয়ে দু-একটি সংবাদপত্রে প্রতিবেদনও ছাপা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদ অধিদপ্তরের পরিচালক মো. আতাহার আলী ও কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালট্যান্টের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে দেন। গতকাল মঙ্গলবার সালাউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, নুরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিকার অফিসেই থাকতেন। তাঁর স্ত্রী-সন্তান থাকেন সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে। নুরুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বাবা যে পায়ে আঘাত পেয়েছেন, সেই কথাটা চেপে গিয়েছিলেন। অসুস্থ অবস্থায় তিনি বাড়ি চলে গিয়েছিলেন। সেখানে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। কী করে তিনি আঘাত পেয়েছেন, সে ব্যাপারে তিনি বেশি কিছু বলেননি। পরে অফিসের লোকজন জানান, তাঁর পায়ের ওপর ফ্রিজ পড়ে গিয়েছিল।
জানতে চাইলে পরিমল কুমার দেব গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নুরুল ইসলাম কী করে পায়ে ব্যথা পেয়েছেন, তা তিনি জানেন না। তাঁকে দিয়ে বাসায় কাজ করানোর অভিযোগ মিথ্যা। তিনি বলছিলেন, নুরুল ইসলাম এত অসুস্থ ছিলেন যে তাঁকে দিয়ে একটা ফাইলও টানানো হতো না। তাঁরা বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।