ঊর্মি এখন শ্রীলঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্মির কথা মনে আছে? সাড়ে আট মাস আগে যে সাগরে ডুব দিয়েছিল কক্সবাজারের সোনাদয়া উপকূলে। কী হলো তার? জানতে ইচ্ছে করে নিশ্চয়। হ্যাঁ, ঊর্মি ভালো আছে। সে এখন আছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি।গত ২৯ মার্চ ভোরে গভীর সাগর থেকে সোনাদিয়া দ্বীপে ডিম পাড়তে এসেছিল ৫৬ কেজি ওজনের একটি ‘অলিভ রিডলে’ (জলপাই রঙের) কচ্ছপ। এরপর সেটিকে ধরে পিঠে একটি স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ওই দিন সন্ধ্যায় আবার সাগরে ছেড়ে দেওয়া হয়। সামুদ্রিক কচ্ছপের জীবনপ্রণালি ও বিচরণসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করার উদ্দেশেই কাজটি করে ‘মেরিন লাইফ অ্যালায়েন্স’ নামের একটি প্রতিষ্ঠান। কচ্ছপটির নাম দেওয়া হয় ঊর্মি। বিষয়টি নিয়ে তখন এবং পরে প্রথম আলোতে একাধিক সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। এরপর প্রায় প্রতিদিন পাঠক ফোন করে জানতে চান ঊর্মি এখন কেমন আছে। কোথায় আছে।মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম গত বৃহস্পতিবার জানান, ঊর্মি বর্তমানে সোনাদিয়া থেকে দক্ষিণ-পশ্চিমে এক হাজার ৩৬১ কিলোমিটার দূরে শ্রীলঙ্কার কাছাকাছি বঙ্গোপসাগরের শেষ প্রান্তে অবস্থান করছে। এই সময়ের মধ্যে ঊর্মি সাগরে প্রায় নয় হাজার কিলোমিটার পথ পরিভ্রমণ করেছে। এখন সে উল্টো পথে বাংলাদেশ উপকূলের দিকে ফিরে আসতে পারে। কেননা তার সম্ভবত আবার ডিম পাড়ার সময় হয়েছে।জীববিজ্ঞানী জহিরুল ইসলাম জানান, সোনাদিয়া থেকে ছেড়ে দেওয়ার দুই সপ্তাহের মধ্যে ঊর্মি কুয়াকাটা উপকূলে চলে যায়। এরপর সুন্দরবনের পাশ দিয়ে গভীর সাগরের দিকে এগোতে থাকে। দুই মাস আট দিনের মাথায় সে কক্সবাজার থেকে সোজা দক্ষিণ-পশ্চিমে ভারতের কাছাকাছি সাগরে পৌঁছে যায়। এ সময় সে ঘূর্ণিঝড় ‘লাইলা’র কবলে পড়ে। এ দুই মাসে ঊর্মি সাগরে তিন হাজার ২০২ কিলোমিটার পথ পাড়ি দেয়। চলতি মাসে সে শ্রীলঙ্কা উপকূলে পৌঁছে যায়। জহিরুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঊর্মির অনেক ভক্ত জমে গেছে। তাঁরা প্রতিদিন ওয়েবসাইটে ঢুকে (.িংবধঃঁৎঃষব.ড়ৎম/ঃৎধপশরহম/?ঢ়ৎড়লবপঃ-রফ=৪৮৭) ঊর্মির খোঁজখবর জানার চেষ্টা করেন। গত ৮ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত ওয়েবসাইটে প্রায় ৩৫ হাজার বার ঊর্মিকে অনুসন্ধান করা হয়। ঊর্মির বর্তমান তালিকাভুক্ত (রেজিস্টার্ড) গ্রাহকসংখ্যা ২২৫।গবেষক জহিরুল জানান, ঊর্মি সমুদ্রের পানিতে ভেসে ওঠামাত্র তার পিঠে বসানো স্যাটেলাইট ট্রান্সমিটারটি স্বয়ংক্রিয়ভাবে তার অবস্থান সম্পর্কিত তথ্য বা সংকেত স্যাটেলাইটে পাঠাচ্ছে। তাই ঊর্মি পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুক, স্যাটেলাইটে তা ধরা পড়বেই।