ঊর্মি নামের টুনটুনিকে বাঁচাবে কে?

পাঁচ বছর বয়সের এক টুনটুনি। নাম নুরসাদ জাহান। বাবা-মায়ের একমাত্র নয়নমণি। ঊর্মি বলে ডাকে সবাই। এখন ওর টুনি পাখির উচ্ছলতায় মগ্ন হওয়ার দিন। কিন্তু ঊর্মির সে উপায় নেই। রক্তে বাসা বেঁধেছে ক্যানসার। তাই মলিন মুখে হাসপাতালের বিছানায় শুয়ে থাকে। দিন গোনে—কখন ভালো হবে। সে পথেও বড় বাধা। ওর চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য নেই বাবা-মায়ের। প্রচুর টাকা লাগছে এ চিকিৎসায়।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জি-ব্লকের ৩১৪ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বিছানায় ভর্তি রয়েছে ঊর্মি। বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাকফো গ্রামে। বাবা আব্দুল মালেক মিয়া দিনমজুর। অন্যের জমিতে বাস করেন। পাড়া-প্রতিবেশীর সহযোগিতা আর ঋণ করে এত দিন চিকিৎসার খরচ জুটিয়েছেন। এখন আটকে গেছেন। ওষুধ কেনার টাকা জোগাড় করতে পারছেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও অনেক টাকা লাগবে।
মা শরিফা খাতুন মুঠোফোনে জানান, সরকারি হাসপাতালে ভর্তি থাকলেও তার মেয়ের রক্ত পরিবর্তন, ওষুধ কেনা ও পরীক্ষা নিরীক্ষা বাবদ রোজই অনেক টাকা লাগছে। এ পরিস্থিতিতে টাকা জোগাড় করতে না পারা মানে ঊর্মির জীবনটা ছোট হয়ে আসা। পায়ে পায়ে মৃত্যুর পথে এগিয়ে যাওয়া।
ঊর্মি হেমাটোলজি অ্যান্ড অনকোলোজি বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামানের অধীনে চিকিৎসা নিচ্ছে।
ঊর্মিকে সাহায্য পাঠানোর ঠিকানা:
বাবা আব্দুল মালেক মিয়ার মুঠোফোন নম্বর-০১৯২২৯৯২৮৫১
ব্যাংকের হিসাব-পূবালী ব্যাংক (নাটোর শাখা নম্বর-১৪৬৭১০১১০১২৮৯)।