ঊষাতন তালুকদারের কর্মীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদারের কর্মী রুহুল আমীনকে (৫০) যুবলীগের কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে এ হামলা চালানো হয় বলে ঊষাতন তালুকদারের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
গতকাল শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সজীব চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, রাঙামাটি শহরের কলেজ গেট আমানতবাগ এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের প্রচারকর্মী ও যুবলীগের সভাপতি বশর সওদাগরের নেতৃত্বে পাঁচজন দুর্বত্ত রুহুল আমীনকে মারধর করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের এ ধরনের আচরণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরেজমিন তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে বলে সজীব চাকমা জানান।
যোগাযোগ করা হলে আওয়ামী লীগের প্রধান নির্বাচনী এজেন্ট মো. জাকির হোসেন চৌধুরী বলেন, ‘ওই দিন রাতে রুহুল আমীন মাতাল অবস্থায় একটি ছুরি হাতে বের হয়ে হাতি মার্কার (ঊষাতন তালুকদার) পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তোলেন। এ সময় তিনি (রুহুল আমীন) সবার সামনে নৌকা মার্কার পোস্টার ছিঁড়ে ফেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গালি দিতে থাকেন। তারপরও কোনো কর্মী তাঁকে মারধর না করে শান্ত থাকতে অনুরোধ করেছিলেন।’