ঋণ খেলাপের কারণে জাপা মহাসচিব

ঋণখেলাপি হওয়ার কারণে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির মহাসচিব (জাপা) এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল রোববার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জাপা মহাসচিবের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পটুয়াখালী-১ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় নির্ধারিত থাকলেও রুহুল আমিন হাওলাদারের আইনজীবী বিকেল চারটায় বাছাই করার আবেদন জানান। সে পরিপ্রেক্ষিতে বিকেল চারটায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাছাই করা হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো ঋণখেলাপির তালিকায় নাম থাকায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে পটুয়াখালী-৩ আসনে বিএনপির তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করা হয়। ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন গোলাম মাওলা। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পান।