ঋণ জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের ফেনীর মহিপাল শাখায় প্রায় সাত কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ফেনী আঞ্চলিক কার্যালয়ের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আজাদ কামালের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সোনালী ব্যাংকের ফেনী আঞ্চলিক কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আজাদ কামালসহ অনেকের বক্তব্য শোনেন সোনালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) আমিন উদ্দিন আহম্মদ।
আমিন উদ্দিন আহম্মদ জানান, মহিপাল শাখায় সংঘটিত ঋণ জালিয়াতির ঘটনায় আজাদ কামালের বিরুদ্ধে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন। বিষয়টি তদন্তের জন্য সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আজাদ কামাল এবং ফেনী কার্যালয়ে তাঁর দায়িত্বপালনকালীন সময়ে যাঁরা কর্মরত ছিলেন, তাঁদের সবার বক্তব্য শুনেছি। এ ছাড়া এ-সংক্রান্ত যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি।’
২০১১ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সোনালী ব্যাংকের ফেনী মহিপাল শাখা হতে এসএমই খাতে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে ১৬৫টি ঋণ হিসাবের বিপরীতে প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ করা হয়।