ঋণ, দুটি গরু এবং একটি মৃত্যু
চার মাস আগে এক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নেন সন্তোষ কুমার বসাক (৬৩)। কিস্তির টাকা শোধ করতে না পারায় ওই এনজিও তাঁর দুটি গরু নিয়ে যায়। এ ঘটনায় অসুস্থ হয়ে সন্তোষ কুমার মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
সন্তোষ কুমার নওগাঁর বদলগাছি উপজেলার গয়েশপুর হাটশাপিলা গ্রামের বাসিন্দা। আগে তিনি একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় ছেলে শতদল কুমার বসাক গতকাল সোমবার বদলগাছি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তোষ কুমার প্রতিদিন ২৭০ টাকা কিস্তি দেওয়ার শর্তে প্রায় চার মাস আগে এনজিও ‘নীড় সেতু’-এর মিঠাপুর শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন। কিছুদিন কিস্তি দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে রংপুরে ও পরে ঢাকার হাসপাতালে নেওয়া হয়। এ সময় এনজিওকর্মীরা কিস্তির টাকা নিতে বাড়িতে এসে ফিরে যান। গত ৭ ডিসেম্বর এনজিও কর্মকর্তা ও কর্মচারীরা কিস্তির টাকা আনতে ওই শিক্ষকের বাড়িতে যান। শতদল বলেন, তিনি এনজিওর লোকজনদের বলেন, তাঁর বাবা অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন। বাবার চিকিৎসার জন্য প্রচুর টাকাপয়সা খরচ হচ্ছে। অল্পদিনের মধ্যেই তিনি ঋণের টাকা পরিশোধ করবেন। কিন্তু এনজিওর লোকজন তাঁর কোনো কথাই শোনেননি। তাঁরা জোর করে ৭০ হাজার টাকা দামের দুটি গরু নিয়ে যান। এ ছাড়া, তাঁর কাছ থেকে সাদা স্ট্যাম্প কাগজেও সই নিয়ে নেন।
শতদল আরও বলেন, তাঁরা এনজিও কর্মকর্তাদের কাছে বারবার ধরনা দিয়েও গরু ফেরত পাননি। বাধ্য হয়ে গত ১২ ডিসেম্বর অসুস্থ বাবাকে ঘটনা জানান। খবরটা শুনে তাঁর বাবা ‘মান-সম্মান গেল’ বলে আক্ষেপ করতে থাকেন। সকালে খবরটা শোনার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। দুপুরের দিকে তিনি মারা যান।
এনজিও নীড় সেতুর মিঠাপুর শাখার ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, এনজিও থেকে সন্তোষ কুমার ৭৭ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। প্রতিদিন কিস্তির মাধ্যমে ঋণ ও সুদের টাকা পরিশোধের শর্ত ছিল। কিন্তু তিনি শর্ত মোতাবেক কাজ করেননি। তাঁরা ঋণের টাকা আদায় করতে সন্তোষ কুমারের বাড়িতে গেলে তাঁর ছেলে গরু বিক্রি করে টাকা দেওয়ার কথা বলেন। তাঁরা দাম ঠিক করে গরু নিয়ে আসেন।
বদলগাছি থানার ওসি জালাল উদ্দিন বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
বদলগাছির ইউএনও হুসাইন শওকত বলেন, কোনো এনজিও বাড়ি থেকে এভাবে কোনো জিনিস নিয়ে যেতে পারে না। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।