গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ঋণ মঞ্জুরের জন্য উৎকাচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে বিভিন্ন সমিতির ব্যবস্থাপকদের বিরুদ্ধে সদস্যদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এসব অভিযোগ তদন্তের জন্য জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মফিজ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি-উল-সহিদকে আহ্বায়ক করে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ফুলছড়ি ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ফুলছড়ি উপজেলার গজারিয়া, এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও উদাখালি ইউনিয়নকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনা হয়। পরে প্রতিটি ইউনিয়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য চারটি করে সমিতি গঠিত হয়। প্রতিটি সমিতিতে ৬০ জন করে সদস্য নেওয়া হয়। আবার এসব সমিতি পরিচালনার জন্য একজন ব্যবস্থাপক মনোনয়ন দেওয়া হয়। ২০১১ সালের জুন থেকে সদস্যদের কাছ থেকে ২০০ টাকা করে সঞ্চয় নেওয়া শুরু হয়। একজন সদস্য এক বছরে যে টাকা সঞ্চয় করবেন, বছর শেষে সরকার তাঁকে দ্বিগুণ পরিমাণ টাকা দেবে। এ ছাড়া সদস্যরা ১০-২০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রাম উন্নয়ন সমিতির ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, ‘পল্লী উন্নয়ন কর্মকর্তা ঋণ মঞ্জুরের জন্য আমাদের সমিতির কাছ থেকে ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। টাকা দিতে পারিনি বলে তিনি আমার সমিতিতে ঋণ মঞ্জুর করছেন না। আমরা কয়েকজন ব্যবস্থাপক প্রকল্প পরিচালককে অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না।’এরেন্ডাবাড়ি ইউনিয়নের আলগারচর গ্রাম উন্নয়ন সমিতির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘গত জুলাইয়ে প্রথম দফায় আমার সমিতির বেশির ভাগ সদস্যকে ঋণ দিতে ওই কর্মকর্তা সাড়ে ১০ হাজার টাকা উৎকাচ নেন। ১২ আগস্ট দ্বিতীয় দফায় ১০ জন সদস্যের ঋণ মঞ্জুর করতে তিনি আবার ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। টাকা দিতে না পারায় তিনি ঋণ মঞ্জুর করছেন না।’ফুলছড়ি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ঋণ মঞ্জুর করতে সমিতির ব্যবস্থাপকদের কাছে উৎকোচ দাবি করছেন। এ নিয়ে গঠিত দুটি কমিটিই তদন্তের নামে টালবাহানা করছে। ইউএনও মেহেদি-উল-সহিদ টালবাহানা করার অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তকাজ শুরু করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম উৎকোচ গ্রহণ ও দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চেয়ারম্যান আসাদুজ্জামানসহ কিছু ব্যবস্থাপক সমিতির সদস্য নন, এমন লোককে ঋণ মঞ্জুর করতে আমাকে চাপ দিচ্ছেন। তাঁদের সুপারিশে ঋণ না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এবং নানা অপপ্রচার চালাচ্ছেন।’গজারিয়া ইউনিয়নের নীলকুঠি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্য অনন্ত দাস অভিযোগ করেন, ‘গত দুই বছর ধরে সঞ্চয় করছি। কিন্তু সমিতির ব্যবস্থাপক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম আমার নামে ১০ হাজার টাকা ঋণ তুলে তা আত্মসাৎ করেন। বিষয়টি ইউএনওকে জানিয়েও কোনো কাজ হয়নি।’ তবে জাহাঙ্গীর আলম বলেন, ‘অনন্তকে বলেই আমি তার নামের টাকাটা তুলে নিয়েছি।’একই ইউনিয়নের বাউসি সঞ্চয় সমিতির সদস্য বাবলু মিয়া অভিযোগ করেন, ‘সমিতির ব্যবস্থাপক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম আমার কাছ থেকে দুই হাজার ৮০০ টাকার সঞ্চয় সংগ্রহ করে তা ব্যাংক হিসাবে জমা দেননি। পল্লী উন্নয়ন কর্মকর্তার যোগসাজশে তিনি ওই টাকা আত্মসাৎ করেন। অথচ ব্যবস্থাপক ও পল্লী উন্নয়ন কর্মকর্তার নামে যৌথ হিসাব রয়েছে। এ ছাড়া আমার নামে ১০ হাজার টাকা ঋণ তুলে তিনি তা আত্মসাৎ করেন।’এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন, ‘সঞ্চয় ও ঋণ তুলে তা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’সঞ্চয়ের টাকা আত্মসাৎ প্রসঙ্গে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘আমার যোগসাজশে সদস্যদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ সঠিক নয়। সমিতির ব্যবস্থাপকেরা অনেক সদস্যের সঞ্চয়ের টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু তাঁরা ক্ষমতাসীন দলের সদস্য বলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’