ঋণ দেওয়ার নামে প্রতারণা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঋণ দেওয়ার নামে ২০০ সঞ্চয়ীর টাকা নিয়ে পালিয়ে গেছে ‘পল্লী বাংলা উন্নয়ন সংস্থা’ নামের ভুয়া একটি এনজিও।জানা গেছে, ৬ নভেম্বর উপজেলার ধানগড়া-মথুরাপুর সড়কের ঝাপড়া মহেশপুর এলাকায় সৌদি আরব প্রবাসী আবদুর রাজ্জাকের বাড়িতে সাইনবোর্ড লাগিয়ে ভুয়া ওই এনজিওর লোকজন কাজ শুরু করেন। মাত্র তিন-চার দিনেই তাঁরা প্রায় ২০০ নারী-পুরুষকে তাঁদের সংস্থার সদস্য করেন। প্রতি জনের কাছ থেকে এক থেকে দুই হাজার টাকা জমা নেওয়া হয়। এভাবে প্রায় দুই লাখ টাকা আদায় করেন তাঁরা।ধানগড়া গ্রামের তাহাজ্জত আলী বলেন, ‘এক হাজার টাকা সঞ্চয় করলে ১০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। এ কথা শুনে আমি সঞ্চয় জমা দিই। ঋণ নেওয়ার দিন এসে দেখি, অফিসে লোকজনও নেই, সাইনবোর্ডও নেই।’ একই গ্রামের আবু বাছার বলেন, ‘আমরা গরিব মানুষ। একটু সুবিধা পাওয়ার আশায় এখানে সঞ্চয় করেছিলাম। কিন্তু সব টাকা নিয়ে তারা পালিয়েছে।’বাড়ির তত্ত্বাবধানকারী ফয়সাল হোসেন বলেন, ‘সংস্থাটির সঙ্গে আমাদের চুক্তি হওয়ার আগেই তারা সাইনবোর্ড লাগিয়ে কাজ শুরু করে। কয়েকটি চেয়ার-টেবিল আর সাইনবোর্ডটি রেখে তারা গত দুদিন আগে লাপাত্তা হয়ে যায়। তাদের দেওয়া একটি মুঠোফোন নম্বরে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।’ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, ‘পল্লী বাংলা উন্নয়ন সংস্থা’ নামের কোনো এনজিও আমার ইউনিয়নে কাজ করছে বলে আমার জানা নেই।’ তিনি ইউনিয়নবাসীকে টাকা সঞ্চয় করার আগে ওই সংস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পরামর্শ দেন।