ঋণ দেওয়ার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ‘কৃষি ও পান চাষী’ এবং ‘কুটির শিল্প’ নামের দুটি সমিতির বিরুদ্ধে ঋণ দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার তিন শতাধিক লোক সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এক বছর আগে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে ‘কৃষি ও পান চাষী’ ও ‘কুটির শিল্প’ নামে দুটি সমিতি গঠন করা হয়। মোহাম্মদ শাহ আলম এই দুটি সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। সদস্য হওয়ার তিন মাসের মধ্যে সরকারিভাবে ঋণ দেওয়া হবে বলে সমিতির কর্মকর্তারা আট মাস আগে ৫৮৬ জনকে সদস্য করেন। সদস্য ভর্তি বাবদ প্রতিজনের কাছ থেকে দুই-তিন হাজার টাকা করে নেওয়া হয়। কিন্তু বারবার চেয়েও এখন পর্যন্ত কোনো সদস্য ঋণ পাননি। এর আগে ২১ ডিসেম্বর কুটির শিল্প সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেন।সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, একটি সিন্ডিকেট বিভিন্ন এলাকায় সমিতির সদস্য ভর্তি করানোর নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান বলেন, ‘আট মাস আগে এই সমিতি দুটির কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সমিতির কার্যক্রম শুরু হওয়ার দুই বছর পর্যন্ত কোনো ঋণ দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে না বলে সমিতির লোকজন অফিসে অঙ্গীকারনামা দিয়েছেন। তবে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণিত হলে সমিতির রেজিস্ট্রেশন বাতিল করা হবে।’মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘শাহ আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’