ঋণ দেওয়ার নামে সঞ্চয় আদায়, টাকা নিয়ে উধাও
পটুয়াখালীতে ‘সকস বাংলাদেশ’ নামে একটি এনজিও গরিব দুস্থদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনজিওটি সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের দেড় হাজারেরও বেশি দুস্থ ও গরিব নারী-পুরুষের কাছ থেকে সঞ্চয় হিসেবে টাকা নেয় এবং ঋণ দেবে বলে জানায়। কথামতো গত রোববার সকালে জেলা শহরের ছোট চৌরাস্তায় ঋণ নিতে এসে তাঁরা কাউকে খুঁজে পাননি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অনেকে কান্নায় ভেঙে পড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস ধরে সকস বাংলাদেশ নামের এই এনজিওর কর্মকর্তারা পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর, জৈনকাঠি, কালিকাপুর, মাদারবুনিয়া ও ইটবাড়িয়া ইউনিয়নের দুস্থ গরিবদের স্বাবলম্বী করার জন্য ঋণদান কর্মসূচি প্রকল্পের কথা বলে প্রচারণা চালান। প্রকল্পের শর্তে বলা হয়, প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। এনজিওর কাছে প্রতি মাসে দুই হাজার টাকা করে সঞ্চয় জমা দিয়ে ১১ মাসে তাঁদের ঋণের টাকা পরিশোধ করবেন। গ্রামের দরিদ্র মানুষ ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার আশায় ওই এনজিওর কাছ থেকে ফরম নিয়ে পূরণ করে জমাও দেয়। এনজিওর কর্মকর্তারা গ্রামে গ্রামে ঘুরে ১ এপ্রিল থেকে তাঁদের ঋণদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানান এবং ছোট চৌরাস্তা এলাকার অফিসের ঠিকানা দিয়ে উদ্বোধনী দিনে ঋণ নিয়ে আসতে সবাইকে অনুরোধ করেন। এ সময় তাঁরা প্রথম মাসের সঞ্চয়ের দুই হাজার টাকা জমা দেওয়ার তাগিদ দেন। তাঁরা বলেন, যিনি আগে প্রথম সঞ্চয়ের টাকা জমা দেবেন, তালিকা অনুযায়ী তাঁকে আগে ঋণ দেওয়া হবে। ঋণ পাওয়ার আশায় প্রথম কিস্তির সঞ্চয়ের টাকা জমা দিতে তালিকায় নাম ওঠাতে থাকেন লোকজন। এভাবে ৩১ মার্চ পর্যন্ত পাঁচটি ইউনিয়নের দেড় হাজারেরও বেশি দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেন তাঁরা। তালিকায় প্রথম দিকে থাকা লোকজন ১ এপ্রিল সকালে ছোট চৌরাস্তা এলাকায় এসে জড়ো হতে থাকেন। কিন্তু সেখানে ওই এনজিওর অফিস কিংবা কোনো কর্মকর্তা-কর্মচারীকে খুঁজে পাননি তাঁরা। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে প্রতারণা বুঝতে পেরে অনেকে কান্নায় ভেঙে পড়েন। এ সময় কালিকাপুর ইউনিয়নের শারিকখালী গ্রামের মতলেব বিশ্বাসের স্ত্রী আছিয়া বেগম (২৫) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি গরিব মানুষ, অনেক কষ্ট কইরা দুই হাজার টাকা জোগাড় করছি। ঋণ নিয়া স্বামী ব্যবসা করবেন। একটু ভালোভাবে চলতে পারুম। কিন্তু এহন তো সবই গেল।’ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফোরকান সিকদার বলেন, ‘ওই এনজিওর কর্মকর্তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্বপন মুখার্জি বলেন, সকস বাংলাদেশ নামে কোনো এনজিওর নিবন্ধন নেই তাঁদের কাছে। এটি একটি ভুয়া প্রতিষ্ঠান। তিনি এদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।