ঋণ না নিলেও পরিশোধের জন্য নোটিশ পেলেন তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী উন্নয়ন কার্যালয়ের সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় নেওয়া ঋণ সুদসহ পরিশোধের জন্য মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর ও উত্তর বাছিরপুর গ্রামের ৫৪ জন ব্যক্তির কাছে নোটিশ পাঠানো হয়েছে। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই নোটিশ পাঠান। কিন্তু নোটিশ পাওয়া ব্যক্তিরা বলেছেন, তাঁরা কোনো ঋণ নেননি। তাঁরা এক ব্যক্তির প্রতারণার শিকার হয়েছেন।পল্লী উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, জুড়ী উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরুর আগে পশ্চিম জুড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়ন বড়লেখা উপজেলার অন্তর্ভুক্ত ছিল। বড়লেখার পল্লী উন্নয়ন কার্যালয় সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ২০০৪ সালের ১৬ আগস্ট পশ্চিম জুড়ীর ‘উত্তর বাছিরপুর পুরুষ দলের’ ১৮ জন, ২০০০ সালের ২৮ ফেব্রুয়ারি ‘বাছিরপুর পুরুষ দলের’ ১৮ জন, ২০০৭ সালের ৪ অক্টোবর ‘বাছিরপুর মহিলা দলের’ ২৩ জন এবং ২০০৮ সালের ২২ জুলাই ‘উত্তর বাছিরপুর মহিলা দলের’ ১৩ জন সদস্যকে বিভিন্ন হারে ঋণ দেয়।সূত্র জানায়, এ চারটি দলের মধ্য থেকে তিনটি দলের ৫৪ জনকে ঋণ পরিশোধের জন্য নোটিশ দেওয়া হয়েছে। বাকি দলের সদস্যদের পরে নোটিশ দেওয়া হবে।পল্লী উন্নয়ন কার্যালয়ের আওতাধীন এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার জন্য এসব দল গঠন করা হয়েছিল।নোটিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীরা সাত থেকে আট হাজার টাকা ঋণ নিয়েছেন। সুদসহ এখন তাঁদের পরিশোধ করতে হবে সাত হাজার টাকার ক্ষেত্রে ১২ হাজার ৩৯০ টাকা এবং আট হাজার টাকার ক্ষেত্রে ১৪ হাজার ১৬০ টাকা।১৫ দিনের মধ্যে ঋণ পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হবে বলেও নোটিশে জানানো হয়।কিন্তু নোটিশ পাওয়া নারী ও পুরুষেরা ঋণ নেওয়ার কথা অস্বীকার করেন। আমিনা বেগম, ফুলজান বেগম, ছায়ারুন বেগমসহ আরও কয়েকজন অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দা ও বড়লেখা উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক চেয়ারম্যান আবদুল কাদির সরকারি সাহায্য দেওয়ার কথা বলে সাত-আট বছর আগে বাড়িতে ডেকে নিয়ে তাঁদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় প্রত্যেকের ছবি, টিপসই ও স্বাক্ষর নেওয়া হয়। কয়েক দিন পর এ ব্যাপারে জানতে চাইলে কাদির বলেন, সাহায্য আসেনি। এত বছর পর সুদসহ ঋণ পরিশোধের নোটিশ পেয়ে তাঁরা আবদুল কাদিরের প্রতারণার বিষয়টি বুঝতে পারছেন। তাঁদের অভিযোগ, আবদুল কাদির ঋণের টাকা আত্মসাৎ করেছেন।তবে ঋণের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে আবদুল কাদির বলেন, ‘ঋণের বিষয়ে আমি কিছু জানি না। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার।’জুড়ী ও বড়লেখা উপজেলার দায়িত্বপ্রাপ্ত বর্তমান পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপীরঞ্জন দেব বলেন, বিষয়টি অনেক আগের। তাই কাগজপত্র না দেখে বিস্তারিত বলা যাচ্ছে না।বড়লেখার তৎকালীন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তফা অবসরে চলে যাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।