এই বয়সেই কেউ অন্যের বাড়ি, কেউ জমিতে কাজ করে সংসারে সাহায্য করেছে। কেউ চালিয়েছে ভ্যান। ছেঁড়া জামা লুকাতে ওপরে বোরকা চড়িয়ে পরীক্ষার হলে গেছে কেউ কেউ। আবার চড়া সুদে ঋণ নিয়ে পরীক্ষা দেওয়ার নজিরও আছে। অভাব-অনটনকে সঙ্গী করে জীবনযুদ্ধের প্রথম পরীক্ষায় জয়ী হয়েছে তারা। এসএসসিতে পেয়েছে জিপিএ-৫। এসব কৃতী শিক্ষার্থীদের জীবনের গল্প আজ শুনব। গৃহপরিচারিকার কাজের ফাঁকে পড়ত শিরিনা: শিক্ষকেরা বইপুস্তক দিয়ে সাহায্য করলেও অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে ঠিকমতো ক্লাস করতে পারেনি শিরিনা খাতুন। যখন যেখানে সময় পেয়েছে বই খুলে বসেছে। এভাবেই রাজশাহীর বাঘা উপজেলার খায়েরহাট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চমৎকার ফল করেছে সে।শিরিনার বাবা হায়দার আলী দিনমজুর। মা বুলবুলি খাতুন প্রতিবেশীদের বাড়িতে কাজ করেন। এভাবেই চলে তাদের চার বোন ও এক ভাইয়ের সংসার। শিরিনা সবার ছোট। শিরিনাদের বাড়ি বাঘা পৌর এলাকার মশিদপুর মহল্লায়। বসতভিটা ছাড়া তাদের আর কোনো জায়গা-জমি নেই। বিদ্যালয়ের শিক্ষক আফাজ উদ্দিন বলেন, মেয়েটি অসাধারণ মেধাবী। কিন্তু অভাবের কারণে তার মেধা বিকশিত হতে পারছে না। ফল প্রকাশের দিনও ধান কাটছিল ইখতিয়ার: ফলাফল প্রকাশের দিনও অন্যের জমিতে ধান কাটছিল ইখতিয়ার। তার মা অন্যের বাড়িতে কাজ করেন। ছোট ভাই আকতার রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করে। বাবা নেই ইখতিয়ারের। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুবাজাইল গ্রামে তাদের বাড়ি। মেঘনা তীরের দুর্গম দুবাজাইল গ্রামে বসতভিটার মাত্র এক শতাংশ জায়গার ওপর ছোট বেড়ার ঘরে থাকে তারা। গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল ইখতিয়ার হোসেন। খেয়ে না খেয়ে জমির আইল ধরে স্কুলে আসা-যাওয়া করত সে। পরে শিক্ষকদের আনুকূল্যে বিনামূল্যে ছাত্রাবাসে থাকার সুযোগ পায়। শিক্ষকেরা তার সব বেতন-ভাতা মওকুফ করে দিয়েছিলেন। চাচাতো ভাই মাহবুব খাওয়ার টাকা জুগিয়েছেন। ভ্যানগাড়ি ও পড়াশোনা দুই-ই চালিয়েছে নাজমুল: ফলাফল প্রকাশের পর সহপাঠীরা যখন আনন্দ-উল্লাসে ব্যস্ত, তখন বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দর থেকে ভ্যানে যাত্রী নিয়ে বার্থী যাচ্ছিল সৈয়দ নাজমুল। পথে এক প্রতিবেশী তাকে জিপিএ-৫ পাওয়ার খবর জানালেন। এ কথা শুনে নাজমুলের চোখে পানি চলে আসে। ছুটে যায় বাবা-মায়ের কাছে। নিজের সাফল্যের খবর কীভাবে পেলে—এমন প্রশ্নের জবাবে নাজমুল এভাবেই ঘটনার বর্ণনা দেয়। তাদের বাড়ি উপজেলার বাউরগাতি গ্রামে। বাবা মোক্তার আলী দিনমজুর। সে বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা শাখায় পড়ত। পাঁচ ভাইবোনের মধ্যে নাজমুল সবার বড়। নাজমুল জানায়, প্রতি দিন সে এক বেলা ভ্যান চালিয়ে ৭০-৮০ টাকা রোজগার করত। যার কিছু অংশ সংসারের খরচের জন্য বাবাকে দিত এবং বাকিটা দিয়ে নিজের পড়াশোনা চালাত। নাজমুল ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে চায়। ছেঁড়া জামা লুকাতে বোরখা পরে পরীক্ষা দিয়েছে রাজিয়া: কাজকর্ম না জোটায় দিনমজুর বাবা আজিজুল ইসলাম বেশ কদিন বেকার ছিলেন। রোজগারপাতি না থাকায় ছয় সদস্যের সংসারে দু-তিন দিন ধরে উপোস চলছিল। সংসারে যখন দীনতার এমন করুণ চিত্র, তখন ছোট মেয়ে রাজিয়া সুলতানা এক দিন স্কুল থেকে এসে জানাল, এসএসসির ফরম পূরণের জন্য দেড় হাজার টাকা লাগবে। অন্যের সাহায্য-সহযোগিতায় এতদিন পড়ালেখা চালিয়েছে রাজিয়া। শেষ মুহূর্তে টাকার অভাবে মেয়েটার পরীক্ষা দেওয়া হবে না! মা-বাবা দুজনেই অনেক চেষ্টা করেও টাকাটা জোগাড় করতে পারলেন না। শেষমেশ এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে শতকরা ২০ টাকা হারে মাসিক সুদে দেড় হাজার টাকা দাদন নেওয়া হলো। সে টাকায় ফরম পূরণ করে জয়পুরহাটের কালাই উপজেলার চান্দাইরদীঘি দাখিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেয় রাজিয়া। ছেঁড়া জামা লুকাতে ওপরে বোরখা পরে পরীক্ষার হলে যেত উপজেলার বানিহারা গ্রামের দুঃখী এই মেয়েটি। আলু তোলার কাজ করে পাওয়া ৩০০ টাকায় বানিয়েছিল বোরখাটি। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে।চড়া সুদে ঋণ নিয়ে পরীক্ষা দিয়েছিল মনিরুজ্জামান: বৃত্তির টাকায় পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া চালিয়েছে মনিরুজ্জামান। সহপাঠীরা ক্লাসে নতুন বই নিয়ে এলেও, হকারের কাছ থেকে কেনা পুরোনো বই পড়েই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সে। বেশির ভাগ দিনই না খেয়ে স্কুলে যেতে হয়েছে তাকে।গ্রামের এক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে মনিরুজ্জামান। চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় সে। পরীক্ষার পরপরই দিনমজুরি খেটে ঋণের টাকা পরিশোধ করেছে মনিরুজ্জামান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের মহসীন মল্লিক ও মর্জিনা খাতুন দম্পতির চার সন্তানের মধ্যে মনিরুজ্জামান তৃতীয়। বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম বলেন, শত কষ্টের মধ্যেও মনিরুজ্জামানের পড়াশোনার প্রতি আগ্রহ সত্যিই উল্লেখ করার মতো।আইনজীবী হতে চায় সাদিকা: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে চমৎকার ফল করেছে সাদিকা খাতুন। তার বাবা মো. আবদুস সামাদ রিকশাচালক। ভবিষ্যতে আইনজীবী হতে চায় সাদিকা।সাদিকারা তিন ভাই, তিন বোন। সে পঞ্চম। বড় ভাই সাইকেলের মিস্ত্রি। বিয়ে করে তিনি আলাদা থাকেন। জমিজমা বলতে তিন শতাংশ জমির ওপর তাদের বসতভিটাটুকুন। সাদিকা বলে, ‘আমার ভালো ফলাফলের পেছনে স্কুলের প্রধানশিক্ষক আবদুর রশিদ স্যারসহ অন্য স্যারদের সহযোগিতা ছিল।’বাবা আবদুস সামাদ বলেন, ‘মুই রিকশা চালেয়া মাইন্সের বেটিক কলেজোত নিয়া যাং বাহে। মোর বেটি কি টাকার অভাবত কলেজোত পইড়বার নয় বাহে?’ [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী; ওয়ালিদ শিকদার, ব্রাহ্মণবাড়িয়া; জহুরুল ইসলাম, গৌরনদী (বরিশাল); আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট); শাহ আলম, চুয়াডাঙ্গা ও আবদুর রব, লালমনিরহাট]