বাজারে হলুদের দাম পড়ে যাওয়ায় খাগড়াছড়ি জেলার অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। ব্যাংকের ঋণ পরিশোধ নিয়ে তাঁরা এখন বিপাকে আছেন। হলুদ চাষে ক্ষতি হওয়ায় ঋণ আদায়ে সমস্যা হবে বলে মনে করছেন ব্যাংকের সংশ্লিষ্টরা।জেলা কৃষি সম্প্র্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলায় এ বছর সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে হলুদের চাষ করা হয়েছে। সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত হলুদ উত্তোলন করা হয়। কিন্তু গত বছরের চেয়ে এবার হলুদের দাম অনেক কম। গত বছর কাঁচা হলুদের দাম ছিল মণপ্রতি দুই হাজার থেকে দুই হাজার ৪০০ টাকা। এ বছর কৃষকেরা সেই হলুদ বিক্রি করছেন ৩০০ থেকে ৩৫০ টাকায়। গত বছর শুকনা হলুদের দাম ছিল আট থেকে ১১ হাজার টাকা। এ বছর তা বিক্রি হচ্ছে তিন থেকে চার হাজার টাকার মধ্যে।খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান এলাকার কৃষক কিশোর ত্রিপুরা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে আদা ও হলুদের চাষ করেছিলেন। এক একর জায়গায় তাঁর উৎপাদন খরচ পড়েছে ৪৫ হাজার টাকা। কিন্তু বাজারদর ও বৈরী আবহাওয়ায় উৎপাদন কম হওয়ায় খরচের টাকাও পাবেন না বলে আশঙ্কা করছেন তিনি। ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, জানতে চাইলে তিনি জানান, অন্য খাতে বিনিয়োগের টাকা থেকে ঋণ শোধ করতে হবে।খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া গ্রামের কৃষক জামিনী মোহন ত্রিপুরা জানান, তিনি ৩৫ হাজার টাকা খরচ করে এক একর জায়গায় হলুদ চাষ করে ফলন পেয়েছেন ৬৩ মণ। বাজারে এখন এর দাম ২২ হাজার টাকা। তাঁর এই লোকসান কীভাবে পুষবেন, সেই চিন্তায় তাঁর ঘুম নেই।বাংলাদেশ কৃষি ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, এই মৌসুমে ৪৩ জন কৃষককে মোট ১৩ লাখ ৩৯ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। বাজারে হলুদের দাম প্রসঙ্গে তিনি জানান, এটা ব্যবসায়ীদের একটা কারসাজি। যদি সত্যিই হলুদের দাম কমত, তা হলে প্যাকেটজাত হলুদের দাম কমল না কেন। তিনি জানান, কৃষকদের কাছে বিতরণ করা ঋণ এ মাস থেকে আদায় করা শুরু হবে।খাগড়াছড়ি বাজারের হলুদের ব্যবসায়ী স্বপন দেবনাথ বলেন, ‘গত বছর আমরা যে পরিমাণ হলুদ কিনেছি, এর অধিকাংশই গুদামে রয়ে গেছে। তাই নতুন কোনো হলুদ কেনা হচ্ছে না। ঢাকা ও চট্টগ্রামের হলুদের ব্যবসায়ীরা হলুদ কিনতে চাচ্ছেন না।’