ঋণ পরিশোধে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা বকেয়া ও খেলাপি ঋণ পরিশোধ করার জন্য ব্যাংকগুলোতে ভিড় জমাচ্ছেন।
নান্দাইল ও ঈশ্বরগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ১৫ মার্চ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল।
গত কয়েক দিনে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা সদর ও পল্লিতে অবস্থিত সোনালী, কৃষি, জনতা ও অগ্রণী ব্যাংকের শাখাগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, অনেকেই ঋণ পরিশোধ বা হালনাগাদ করতে এসেছেন। তাঁদের মধ্যে ইউপি সদস্য পদের (মেম্বার) সম্ভাব্য প্রার্থীদের সংখ্যাই বেশি। রয়েছেন চেয়ারম্যান প্রার্থীও। নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আবুল কালাম মণ্ডল বলেন, তিনি গত মঙ্গলবার ঋণ পরিশোধ করেছেন। বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামালও ঋণ পরিশোধ করেছেন বলে জানান। জনতা ব্যাংক নান্দাইল রোড শাখার ব্যবস্থাপক মো. আবদুল হালিম আকন্দ বলেন, প্রতিদিন অনেকেই ঋণ পরিশোধ করতে আসছেন। তাঁদের কথাবার্তায় বোঝা গেছে, তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কৃষি ব্যাংক নান্দাইল সদর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন, সাধারণত ফসল ঘরে তোলার পর কেউ কেউ ঋণ পরিশোধ করে থাকেন। কিন্তু ইউপি নির্বাচন উপলক্ষে ঋণ পরিশোধের প্রবণতা একটু বেশি বলে মনে হচ্ছে তাঁর।
নান্দাইল সোনালী ব্যাংকের মো. সাদেকুর রহমান বলেন, মনোনয়নপত্র জমাদানের আগেই ব্যাংক থেকে ঋণখেলাপিদের তালিকা পাঠানো হয়। তাই অনেকেই ঋণ পরিশোধ করতে ব্যাংকমুখী হচ্ছেন।
কৃষি ব্যাংক ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা বিকাশ সাহা বলেন, এ সময়ে ঋণ পরিশোধের প্রবণতা বেশি বলে মনে হচ্ছে। ব্যাংকের তথ্য অনুসন্ধান কর্মকর্তদের (আইও) সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত মাইকিং, নোটিশ করেও বকেয়া ঋণ আদায় করা যায় না। এমনকি স্বেচ্ছায় ব্যাংকঋণ পরিশোধের নজিরও খুব একটা নেই। এ ছাড়া কৃষিঋণ মওকুফের প্রবণতা থাকায় কৃষক নামধারীরা ঋণ গ্রহণ করে বছরের পর বছর অপেক্ষায় থাকেন মওকুফ বা সুদ ছাড় পাওয়ার আশায়। কিন্তু মনোনয়নপত্র বাতিল হওয়ার আশঙ্কায় সম্ভাব্য প্রার্থীরা সুদসহ ঋণ পরিশোধ করছেন।