ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গতকাল বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোপাল সরকার (৬৫) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গোপাল উল্লাপাড়া পৌর শহরের আদর্শ গ্রামের বাসিন্দা।

গোপালের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপাল একই গ্রামের একটি সমিতি থেকে ১০ হাজার টাকা ঋণ নেন। সমিতি পরিচালনাকারীদের মধ্যে জিন্নাহ, কালা চান ও খাইরুল ইসলাম তাঁকে টাকা পরিশোধ করার জন্য চাপ দিতে থাকেন। ঋণের টাকা না পেয়ে জিন্নাহ গত মঙ্গলবার গোপালের ভ্যান আটকে রাখেন। গতকাল গোপালের লাশ তাঁর বাড়ির সামনের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

গোপালের স্ত্রী রেখা রানী সরকার বলেন, সমিতির লোকজন টাকা না পেয়ে ভ্যানটি আটকে রাখে। এতে তিনি দুঃখে আত্মহত্যা করেন।

এ বিষয়ে জিন্নাহ ও কালা চানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাঁরা ফোন ধরেননি।