ঋণ পরিশোধ করার ‘পুরস্কার’ হাজতবাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ পরিশোধ করার পুরস্কার হিসেবে ঠাকুরগাঁওয়ের এক কৃষককে হাজতবাস করতে হয়েছে। ঋণের সমুদয় টাকা পরিশোধ করার পর ব্যাংক কর্তৃপক্ষ মামলা প্রত্যাহার না করায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিন দিন হাজতবাসের পর গতকাল সোমবার ওই কৃষককে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন যুগ্ম জেলা জজ (প্রথম) ও অর্থঋণ আদালত। ওই কৃষকের নাম মো. তমিজ উদ্দিন। তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে।ভুক্তভোগীর পরিবার ও আদালত সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন ১৯৯২ সালের অক্টোবরে আলু, আমন ও আউশ আবাদের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ শাখা থেকে ২৩ হাজার ৪০০ টাকা ঋণ নেন। ঋণের সুদসহ এর পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৫৭২ টাকা। ঋণের এই টাকা নিয়মিত পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ ১৯৯৫ সালের আগস্টে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করে। ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে তমিজ উদ্দিন ঋণের স্থিতির ১০ হাজার ৮১২ টাকা পরিশোধ করে ২১ হাজার ৬০ টাকার সুদ মওকুফের আবেদন করেন। আবেদনটি ২০১০ সালের অক্টোবরে প্রধান কার্যালয়ের অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। চলতি বছরের ২৫ এপ্রিল সুদ মওকুফ করা হয়। সেই চিঠি পেয়ে মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আনছারুল ইসলাম ১০ জুলাই তাদের আইনজীবী মাসুদ জাহানকে মামলাটি প্রত্যাহারের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করে একটি চিঠি দেন। রাকাবের আইনজীবী চিঠি পাওয়ার পরও মামলা প্রত্যাহারের উদ্যোগ নেননি। ফলে ঋণের পাওনা টাকা পরিশোধ করার পরও গত শুক্রবার তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও থানা পুলিশ। সোমবার সকালে ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ ঋণ মামলা থেকে তমিজ উদ্দিনকে অব্যাহতি দেন যুগ্ম জেলা জজ (প্রথম) ও অর্থ ঋণ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন।ভুক্তভোগীর ছেলে জবায়দুর রহমান অভিযোগ করেন, আইনজীবী মাসুদ জাহান মামলা প্রত্যাহারের জন্য তাঁদের কাছে অনেক টাকা নিয়েছেন। সোমবারও মামলার খরচ হিসেবে তিনি এক হাজার টাকা নিয়েছেন। এ প্রসঙ্গে মাসুদ জাহান বলেন, ‘মামলা পরিচালনার কিছু খরচ লাগে, সে টাকা না পেলে মামলা প্রত্যাহার কীভাবে হয়?’ তিনি আরও বলেন, ‘আমি চাইলেও মামলা প্রত্যাহার করতে পারি না। মামলা প্রত্যাহারের জন্য বাদীকে আদালতে হাজির হয়ে আবেদন করতে হয়।’ ব্যবস্থাপক মো. আনছারুল ইসলাম জানান, ঋণ মওকুফ হওয়ার পরও তমিজ উদ্দিন গ্রেপ্তার হয়েছে মূলত আইনজীবীর দায়িত্বহীনতার কারণে।