ঋণ পরিশোধ না করার অভিযোগে তিন দরিদ্র নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ পরিশোধ না করার অভিযোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পের ঋণগ্রহীতা দরিদ্র তিন নারীকে পুলিশ গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন—নাজমা বেগম (৪২), হামিদা বেগম (৪৮) ও রহিমা বেগম (৩৪)। তাঁদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি গ্রামে। তাঁদের দাবি, সময়মতো প্রত্যেকে ঋণ পরিশোধ করার পরও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। বিআরডিবি সূত্রে জানা যায়, সংস্থাটির পল্লী জীবিকায়ন প্রকল্পের (পজীপ) আওতায় ২০০৫ সালের ২৫ আগস্ট উপজেলার গাংকুলকান্দি পূর্বপাড়া মহিলা বিত্তহীন সমবায় সমিতির ৩১ জন সদস্যকে দুই লাখ ১৭ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে ১৫ জন নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করেন। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ বাকি ১৬ জন নারীর বিরুদ্ধে একাধিক নোটিশ দিলেও তাঁরা ঋণ পরিশোধ করেননি। এ ঘটনায় ২০০৬ সালের ডিসেম্বরে সংস্থাটির মাঠ সংগঠক সুলতানা পারভীন ওই ১৬ জনের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগে নরসিংদীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে গতকাল ওই তিন নারী গ্রেপ্তার হন। হামিদা বেগম মনোহরদী থানায় সাংবাদিকদের জানান, ঋণ পরিশোধের কাগজপত্র থাকলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। একই কথা বলেন অপর দুই নারী রহিমা বেগম ও নাজমা বেগম।উপজেলা বিআরডিবির প্রকল্প কর্মকর্তা মো. ছাজিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই ১৬ জনের মধ্যে ১৩ জন এরই মধ্যে ঋণ পরিশোধ করেছেন। তবে আমাদের হিসাবমতে, নাজমা বেগম ও রহিমা বেগমের কিছু টাকা পরিশোধ বাকি ছিল। তাঁরা প্রত্যেকে গ্রুপ মামলার আসামি। এ কারণেই মামলাটি প্রত্যাহার করা যায়নি।’ মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী বলেন, বিআরডিবির পক্ষ থেকে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়নি। তাই ওই নারীদের গ্রেপ্তার করা হয়েছে।