‘ব্যাটা দায়েক-দেনা করি বিদেশ গিছে। ক্যানকা করি শোধ দেব? ধারের দেড় লাখ টাকার কিস্তি টানতিছি। ব্যাটা আমাক বলেছিল মা তুমি টিনশন করিস না। ব্যাটাতো চলি গেছে, ব্যাংক ওয়ালাতো আমায় ছাড়ি দিবি না। চারটা পেট কীভাবে চলবি?’
এভাবে বিলাপ করছিলেন মালয়েশিয়ায় নিহত শ্রমিক আলাউদ্দিন মল্লিকের (৩৪) মা সুফিয়া বেগম। আলাউদ্দিনের স্ত্রী শম্পাকেও দুই দিন ধরে ঘরে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
নিহত আরেক শ্রমিক এলাহী হোসেইনের (২৭) পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া। কখন লাশ আসবে সেই প্রতীক্ষায় রয়েছেন পরিবারের লোকজন।
মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশি শ্রমিকের মধ্যে ওই দুজনের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর মধ্যপাড়া গ্রামে। গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে নির্মাণাধীন একটি উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে তাঁরা নিহত হন।
জয়নগর মধ্যপাড়া গ্রামের কৃষক শাহাদাত মল্লিকের বড় ছেলে আলাউদ্দিন মল্লিক ও আবদুস সাত্তারের ছোট ছেলে এলাহী হোসেইন চার মাস আগে মালয়েশিয়ায় চাকরির জন্য যান। আলাউদ্দিনের বড় ছেলে সিজান ও ছোট ছেলে শান্ত প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তাঁর স্ত্রী শম্পা জানান, সোমবার দুপুরে মুঠোফোনে আলাউদ্দিনের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়।
জানতে চাইল আলাউদ্দিনের ভাই জালাল মল্লিক প্রথম আলোকে জানান, বিদেশ যেতে তাঁর ভাইয়ের সোয়া চার লাখ টাকা খরচ হয়েছিল। স্থানীয় লোকজন ও এনজিও থেকে ঋণ নিয়ে ওই অর্থের ব্যবস্থা করা হয়। এখন সেই ঋণ পরিশোধ নিয়ে তাঁদের পরিবারের সবাই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।
একই গ্রামের কৃষক পরিবারের সন্তান এলাহী হোসেইন বেকার ছিলেন। কিছু টাকা সংগ্রহ করে একটি সিএনজিচালিত অটোরিকশা কিনেছিলেন তিনি। বিদেশ গিয়ে চাকরি পাওয়ার আশায় যানটি বিক্রি করে দেন। এলাহীর বাবা আবদুস সাত্তার জানান, বিদেশ যাওয়ার জন্য তাঁর ছেলে এক লাখ টাকা ঋণ নেন। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে এলাহীর মায়ের ঘুম ও খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি চিৎকার করে কাঁদছিলেন আর বলছিলেন ‘টাকা চাইনা বাবা, আমার ছেলিক আনি দাও।’
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মুঠোফোনে লাশ ফেরত পাঠানোর কথা জানালেও ক্ষতিপূরণের ব্যাপারে কিছু জানায়নি বলে নিহত ওই দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে।