ঋণ পরিশোধের নোটিশ পেয়ে চিন্তিত কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রামনাবাদ নদীর ভাঙনে নিঃস্ব কৃষকদের সুদসহ কৃষিঋণ পরিশোধ করার জন্য আবার নোটিশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা নোটিশ দেওয়া বন্ধ করে ঋণ মওকুফ করার বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য লিখিত আবেদন করেছেন।চৌধুরীপাড়া গ্রামের কৃষক সফেজ উদ্দিন হাওলাদার বলেন, ‘মোগো জমি-জিরাত যেডু আছেলে হেইয়া নদীতে লইয়া গ্যাছে। এ্যাহন খুব কষ্ট কইর্যা জীবনডা চালাইতেছি। ঋণের টাহা ক্যামনে দিমু কন।’ চাড়িপাড়া গ্রামের কৃষক আমজেদ হাওলাদার বলেন, ‘মোরা বহু মাইনসের ধারে গেছি, যাতে মোগো ঋণডা সরকার মাফ কইর্যা দেয়। আইজ তামাইত মাফ পাই নাই। শ্যাষ তামাইত আদালতে যাওয়া ছাড়া কোন কুল পামু বইল্যা মোনে অয়না।’ একই ধরনের কথা বলেন চৌধুরীপাড়া গ্রামের শাহ আলম হাওলাদার, ছোট পাঁচনং গ্রামের মতলেব হাওলাদার ও নাওয়াপাড়া গ্রামের কালাম রাঢ়িসহ কয়েকজন। কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, লালুয়া ইউনিয়নের নয়াকাটা, পশুরবুনিয়া, চরপাড়া, মেরাউপাড়া, চান্দুপাড়া, দেবপুর, চর নিশানবাড়িয়া ও উত্তর নিশানবাড়িয়াসহ ১১টি গ্রামের ২৪২ জন কৃষক তাঁদের কৃষিজমি বন্ধক রেখে ঋণ নিয়েছেন। অগ্রণী, কৃষি ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় বন্ধক রাখা জমি গত ২০ বছরে রামনাবাদ নদীভাঙনে বিলীন হয়েছে। এমনকি অধিকাংশ কৃষকের ভিটেমাটিও নদীগর্ভে চলে গেছে। ইতিমধ্যে ঋণ সুদে-আসলে বেড়ে কয়েকগুণ হয়েছে। বিভিন্ন সময় ব্যাংকও কৃষকদের ঋণ পরিশোধ করার জন্য চাপ দিতে থাকে। এমন অবস্থায় কৃষকেরা ঋণ মওকুফ করার জন্য ২০০৭ সালে ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উপজেলা ও জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখার কর্মকর্তারা দেবপুর গ্রাম পরিদর্শন করে ২৪ জন কৃষকের ঋণ মওকুফ করেন। অগ্রণী ও কৃষি ব্যাংক আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। অগ্রণী ব্যাংক কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. শাহজাহান বলেন, ‘কৃষকদের দাবি যৌক্তিক। আমি কয়েকজন কৃষককে পরামর্শ দিয়েছি, যথাযথ তথ্য উল্লেখ করে দরখাস্ত করার জন্য। তা ছাড়া এ বিষয়ে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের প্রত্যয়নও থাকতে হবে। কৃষকদের দরখাস্ত পেলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।’কৃষি ব্যাংক কলাপাড়া শাখার ব্যবস্থাপক ইউসুফ আলী খান বলেন, ‘কিছুদিন আগে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে বৈঠকও করেছি। নদীভাঙনে যেসব জমি বিলীন হয়েছে, তার দাগ-খতিয়ান উল্লেখ করে প্রত্যেককে আলাদাভাবে দরখাস্ত করার জন্য বলা হয়েছিল। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি।’