ঋণ পরিশোধের লাল নোটিশ পেয়ে উপকারভোগীরা উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প গ্রামের গরিব মানুষের ভাগ্যোন্নয়ন করতে পারেনি। উল্টো প্রকল্পের ১৫ লাখ ৬০ হাজার টাকার ঋণ পরিশোধের লাল নোটিশ পেয়ে উপকারভোগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 
চার-পাঁচজন উপকারভোগী বলেন, তাঁদের টাকা দেওয়ার সময় তা শোধ করতে হবে—এমন কথা জানানো হয়নি। তাঁরা মনে করেছিলেন, সরকার অনুদান হিসেবে এই টাকা দিয়েছে। এ কারণে এখন ঋণ পরিশোধের নোটিশ পেয়ে তাঁরা ক্ষুব্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উপকারভোগী বলেন, ‘ঋণ দেওয়ার সময় প্রকল্প কর্মকর্তারা এককালীন অনুদান হিসেবে এই টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। কিন্তু এখন বলা হচ্ছে, এগুলো অনুদান নয়, ঋণ। ওই টাকা নাকি কিস্তির মাধ্যমে ফেরত দিতে হবে। আমরা গরিব মানুষ। এত টাকা পাব কোথায়?’
উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়, পিছিয়ে পড়া পল্লির দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়। গ্রামের প্রতিটি দরিদ্র পরিবারকে পর্যায়ক্রমে এ প্রকল্পের মাধ্যমে একটি করে গাভি, দুই বান্ডিল ঢেউটিন, চাষাবাদের জন্য সবজির চারা ও হাঁস-মুরগি পালনের জন্য টাকা দেওয়া হয়। যাতে করে গাভি পালন, হাঁস-মুরগির খামার ও সবজি চাষ করে তাঁরা নিজেরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়, এই উপজেলায় প্রথম পর্যায়ে ২০১১ সালে উপজেলার সৈয়দপুর, মোকামতলা, পিরব ও শিবগঞ্জ—এই চারটি ইউনিয়নে ২০টি গ্রাম উন্নয়ন সমিতি গঠন করে ১৭২টি পরিবারকে ঋণ দেওয়া হয়।
এই প্রকল্পের আওতায় গাভি পালনের জন্য ১০০ জনকে ২০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা, জনপ্রতি ১০ হাজার টাকা করে ৪২ জনকে ঢেউটিন বাবদ ৪ লাখ ২০ হাজার টাকা, হাঁস-মুরগি পালনের জন্য ৩০ জনকে এক হাজার টাকা করে ৩০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।
পরে গাভি পালন ও ঢেউটিন নেওয়া উপকারভোগীদের সরকার পাঁচ হাজার টাকা করে মওকুফ করে দেয়। তখন প্রকল্পের মেয়াদ ছিল ২০১৩ সালের জুন মাস পর্যন্ত। ওই সময়ের মধ্যে ঋণের টাকা এককালীন বা কিস্তির মাধ্যমে পরিশোধ করার কথা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সিংহভাগ টাকাই ফেরত দেননি উপকারভোগীরা। পরে বারবার তাগাদা দেওয়ায় এ পর্যন্ত মাত্র ১ লাখ ৮০ হাজার টাকার ঋণ ফেরত দেওয়া হয়েছে। এদিকে পরে দুই দফায় বাড়িয়ে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।প্রকল্পের শিবগঞ্জ উপজেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান বলেন, গ্রাম উন্নয়ন সমিতিকে সরকার ওই টাকা অনুদান হিসেবে দিয়েছে। প্রতিটি গ্রাম উন্নয়ন সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটি ওই সমিতির আওতাধীন সদস্যদের মধ্যে ঋণ বিতরণ ও তা সংগ্রহ করে থাকে। উপকারভোগীরা ওই ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শতকরা ৮ টাকা সুদসহ ওই ঋণ পরিশোধ করবেন।
এরপর সমিতি সেই টাকা দরিদ্র অন্য মানুষের মাঝে বিতরণ করবে, যাতে সবাই পর্যায়ক্রমে স্বাবলম্বী হতে পারে। কিন্তু ঋণ আদায় না হলে সরকারের এ উদ্দেশ্য ব্যাহত হবে। এ জন্য ঋণ পরিশোধের সময় দীর্ঘদিন আগে শেষ হয়ে যাওয়ায় ও বারবার তাগাদা দেওয়ার পরও পরিশোধ না করায় এক মাস আগে ওই সব উপকারভোগীকে লাল নোটিশ দেওয়া হয়েছে।
মাহফুজুর রহমান বলেন, উপজেলায় মোট ১০৮টি গ্রাম উন্নয়ন সমিতি রয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সমিতির মাধ্যমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।