ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের মাসব্যাপী মেলা শুরু হয়েছে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গতকাল শনিবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। এ ছাড়া অপ্রচলিত পণ্য রপ্তানির জন্য বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়াসহ রপ্তানি বাজারকে বহুমুখী করার জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, মাথাপিছু আয় বাদ দিলে আর সব সূচকেই বাংলাদেশ প্রতিবেশী ভারত থেকে এগিয়ে আছে। যুক্তরাষ্ট্র ছাড়া কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ বহু দেশে বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু শর্ত দেয়, কিন্তু কাজের সময় কিছুই দেয় না। বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না। নিজেদের উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশ নিজের মতো করেই করবে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংসদ মাহজাবিন মোরশেদ, ওয়াসিকা আয়শা খান, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি হেলালউদ্দিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল করিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী কামরুন মালেক।
সারা দেশ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তারা মেলায় অংশ নিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ১৫ টাকা।