ঋণ মওকুফ হওয়া ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা দাখিলের নির্দেশ
৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান, কোম্পানি এবং ব্যক্তিবিশেষের বিপরীতে কী পরিমাণ ঋণ মওকুফ করা হয়েছে, তাদের নাম ও অর্থের পরিমাণ উল্লেখ করে তালিকা দাখিল করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ঋণ মওকুফের সুবিধাভোগের পর ব্যবসাপ্রতিষ্ঠান, কোম্পানি এবং ব্যক্তিবিশেষের বিপরীতে অন্য কোনো ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণসুবিধা দেওয়া হয়েছে—এমন তথ্যাদিও দাখিল করতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে আদালতে হলফনামা আকারে এ তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলা হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ নির্দেশ দিয়েছেন। ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান আজ বুধবার আদেশের এ বিষয়টি জানান।
রুলে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৮(১) ধারার ‘ঋণ বা উহার অংশ মওকুফ’ এবং ৪৯-এর উপধারা চ-এর ‘ঋণ মওকুফ’ অংশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধানের ১৯, ২৬, ২৭ এবং ৩১ অনুচ্ছেদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
অর্থসচিব, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের সচিব, আইনসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকের জিএমকে (ব্যাংকিং অপারেশন) এর জবাব দিতে বলা হয়েছে। আগামী ২ এপ্রিল পরবর্তী আদেশের জন্য বিষয়টি তালিকায় আসবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে আদেশের অনুলিপি পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম মনিরুজ্জামান আদেশের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দ্য টাকা ৩০ হাজার ক্রোর ভেনিশিং ট্রিক, ৬০ পারসেন্ট অব ডিফল্টেড লোনস ফ্রম পাবলিক ব্যাংক রিটেন অফ’ শিরোনামে দ্য এশিয়ান এজে ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে আদালত ওই আদেশ দেন।