ঋণ শোধ করতে না পেরে পলায়ন বাড়ি ভেঙে নিয়েছেন মহাজন
ঋণের টাকা শোধ করতে না পেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ১০টি জেলে পরিবার তাদের বাড়িঘর ফেলে ভারতে চলে গেছে। এর পর পরই মহাজনেরা তাদের ফেলে যাওয়া বাড়িঘর ভেঙে নিয়ে গেছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ বছর আগে যমুনা নদীর ভাঙনের শিকার বেশ কয়েকটি পরিবার উপজেলার রূপবাটি ইউনিয়নের বড়াল নদের রামখারুয়ায় বসবাস করে আসছিল। এসব পরিবারের সদস্যরা স্থানীয় মহাজন ও বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) কাছ থেকে ঋণ নেন। পরে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। বর্তমানে ৩৫টি পরিবারের মধ্যে সিদ্ধি হলদার, কার্তিক হলদার, নিশিত হলদার ও অশিত হলদারসহ ১০টি পরিবারের সদস্যরা গত বুধবার গভীর রাতে বাড়িঘর ফেলে চলে যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে মহাজন ও গ্রাম্য সমিতির সদস্যরা তাদের বাড়িঘর ভেঙে নিয়ে যান।নাম প্রকাশ না করার শর্তে জেলে পরিবারের কয়েকজন বলেন, ‘আমরা সবাই বিভিন্ন এনজিও, গ্রাম্য সমিতি ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছি। অনেকেই পরিশোধ করেছি। এর মধ্যে চারজন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদের আত্মীয়-স্বজনসহ ১০টি পরিবার ভারতে পালিয়ে গেছে। তারা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা আতঙ্কে আছি।’এলাকার মহাজন শফিকুল ইসলাম দাবি করেন, ওই পরিবারগুলো তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিল। তারা চলে যাওয়ায় তিনি দুটি ঘর ভেঙে এনেছেন। তাতেও তাঁর পুরো টাকা পরিশোধ হবে না।নাম প্রকাশ না করার শর্তে এনজিওর এক কর্মী প্রথম আলোকে জানান, তাঁদের অফিস থেকে ওই সদস্যদের মধ্যে এক লাখ টাকা ঋণ দেওয়া হয়। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।রূপবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার বলেন, ‘আমার কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। পরিবার ১০টি চলে যাওয়ার আগে তাদের নৌকা ও জাল বিক্রি করে গেছে।’