ঋণখেলাপি নই দাবি কাদের সিদ্দিকীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, তিনি ঋণখেলাপি নন। ব্যাংকের ‘ছলনায়’ টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি আদালতে যাবেন।
গতকাল সোমবার মতিঝিলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। ঋণখেলাপি হওয়ায় নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করায় তিনি এ সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধরেন। আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন হবে।
কাদের সিদ্দিকী বলেন, ‘ঋণ পুনঃ তফশিলের পর কাউকে ঋণখেলাপি বলার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের এমন চিঠিতে আমরা খুশি হয়েছিলাম। এমন পরিস্থিতিতে অগ্রণী ব্যাংক যে এমন কাজ করবে, এটা আমাদের কল্পনাতেও ছিল না।’
প্রার্থিতা বাতিল হবে, তা জেনেশুনেই কি নিজ দল থেকে চারজনের মনোনয়ন দাখিল করেছিলেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘এমন কিছু হতে পারে, আমাদের মনে সন্দেহ ছিল। এ জন্য চারজন মনোনয়নপত্র দাখিল করেছি। সাবধানতা অবলম্বন করেই চারজনের মনোনয়নপত্র দাখিল করেছি।’ তিনি বলেন, আদালতের মাধ্যমেও যদি তাঁর ও তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রার্থিতা বাতিল হয়, তারপরও তাঁর দল টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনে যাবে।