ঋণখেলাপি হয়েও চেয়ারম্যান প্রার্থী!
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেনের বিরুদ্ধে ঋণখেলাপি এক চেয়ারম্যান পদপ্রার্থীর প্রার্থিতা বৈধ করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা-২-এর কাছে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আরব আলী এ অভিযোগ করেন। উপজেলা নির্বাচন অফিস ও অভিযোগ সূত্রে জানা যায়, ২ জুন হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনের প্রার্থিতা বাছাইয়ের শেষ দিন ছিল। সাকুয়াই ইউনিয়নে মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এসব আবেদনের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী বদরুদ্দোজা ইমনের বিরুদ্ধে আদালতের রায়, দাপ্তরিক প্রমাণাদিসহ ঋণখেলাপের অভিযোগ করেন একই ইউনিয়নের ব্যবসায়ী আবদুল হাকিম। সংশ্লিষ্ট ব্যাংক অভিযোগ না করার অজুহাতে রিটার্নিং কর্মকর্তা অভিযোগ আমলে না নিয়ে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পৌনে দুই কোটি টাকার অধিক ঋণখেলাপের অর্থঋণ আদালত-২-এর রায়ে অভিযুক্ত প্রার্থী কাজী বদরুদ্দোজা ইমনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।অভিযোগের সঙ্গে উপস্থাপিত অর্থঋণ আদালত ঢাকা-২-এর রায় সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নের কাজী বদরুদ্দোজা ইমনসহ ছয়জন মিলে হালুয়াঘাটের কংশ এগ্রোফিশারিজের নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি সে প্রতিষ্ঠানের একজন পরিচালক। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ঢাকার মতিঝিল শাখা থেকে তাঁরা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তা আর পরিশোধ করেননি। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০০৭ সালের ৩ জানুয়ারি অর্থঋণ আদালতে একটি মামলা করে (মামলা নম্বর-১)।সাবেক চেয়ারম্যান আরব আলী বলেন, ‘আমার পক্ষে আবদুল হাকিম অভিযোগ করলেও রিটার্নিং কর্মকর্তা তা আমলে না নিয়ে অন্যায়ভাবে ইমনের প্রার্থিতা বৈধ করেছেন।’এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী বদরুদ্দোজা ইমন বলেন, ‘আমাদের পারিবারিক এ প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া হয়েছিল। ঋণ নিয়ে অভিযোগ করলে ব্যাংক করবে, অন্যরা করার কে? প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’হালুয়াঘাট উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ না করায় বিষয়টি আমলে নিইনি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হালুয়াঘাটের বাইরে ব্যাংকটির অবস্থান হওয়ায় নো অবজেকশন সার্টিফিকেট চাওয়ার প্রয়োজন মনে করিনি।’জেলা নির্বাচন কর্মকর্তা-২-এর মো. সাহাব উদ্দিন বলেন, ‘ঋণখেলাপির নির্বাচনে অংশ নেওয়া সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যাংক ছাড়া অন্য কেউ অভিযোগ করলে তা আমলে না নেওয়ার বিষয়টি ঠিক নয়। যে কেউ উপযুক্ত প্রমাণসহ আবেদন করলে তা আমলে নিতে আমরা বাধ্য। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’