ঋণখেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপির দায়ে নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থী হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলমগীর সরকার। তাঁর মনোনয়নপত্র বাতিলের পর এ উপজেলায় চেয়ারম্যান পদে এখন আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এ উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৫ মার্চ এ উপজেলায় ভোট নেওয়া হবে। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন জেলা বিএনপির সদস্যসচিব সামসুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফারহানুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাজ্জাদ পারভেজ, সদর উপজেলা জামায়াতের আমির খায়রুল আনাম এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাহবুব আলী শাহ ফকির।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১০ সালে আলমগীর সরকার তাদের নীলফামারী শাখা থেকে তিন লাখ ৫০ হাজার টাকার সিসি ঋণ নেন। ২০১১ সালে ওই ঋণ পরিশোধ করার কথা ছিল। কিন্তু তিনি ২০১৪ সাল পর্যন্ত তা পরিশোধ না করায় তাঁর কাছে ব্যাংকের সুদসহ পাওনা হয়েছে চার লাখ ৩৮ হাজার টাকা।
উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এস এম রফিকুন্নবী বলেন, মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপি হওয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।