ঋণখেলাপির নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

আইন অনুসারে ঋণখেলাপির নির্বাচন করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এক রিটের শুনানিতে আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
১১ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন মহিউদ্দিন সিদ্দিকী। তাঁর মনোনয়নপত্র গত ২৫ অক্টোবর বাতিল করে দেয় চট্টগ্রামের নির্বাচন কমিশন কার্যালয় ও আপিল কর্তৃপক্ষ। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজাউল হোসাইন মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

শুনানিকালে আদালত বলেন, খেলাপির নির্বাচনে অংশ নেওয়ার আইনি অধিকার নেই। নির্বাচনে অংশ নেওয়ার এত যখন ইচ্ছা, তাহলে নির্ধারিত সময়ের আগে পুনঃ তফসিল বা ঋণ পরিশোধ করা উচিত ছিল। ছোট হোক, বড় হোক, আইন সবার জন্য সমান। একজনের জন্য আইনের ভুল ব্যাখ্যা দেওয়া যায় না। শুনানি নিয়ে আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

ওয়ান ব্যাংকের চট্টগ্রাম ইপিজেড শাখার চিঠি অনুসারে মহিউদ্দিন সিদ্দিকী ঋণখেলাপি। তাই ২০১০ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালার বিধি ১৪-এর ৩ উপবিধি অনুসারে তাঁর আবেদন বাতিলযোগ্য বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়।