ঋণখেলাপির মামলায় তারেকের বিচার্য বিষয়ে আদেশ ১৬ জুলাই

ঋণখেলাপির মামলায় তারেক রহমান ও আরাফাত রহমান কোকো ও তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠান ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার ইস্যু (বিচার্য বিষয়) গঠনবিষয়ক আদেশ ১৬ জুলাই দেওয়া হবে।
আজ বুধবার এ মামলায় ইস্যু (বিচার্য বিষয়) গঠনবিষয়ক আদেশের জন্য দিন ধার্য ছিল। এ দিন বিবাদী পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক রবিউজ্জামান এ দিন ধার্য করেন।
গত বছরের ৩ অক্টোবর মামলাটি মধ্যস্থতা করার জন্য আবদুস সালাম নামের একজন আইনজীবীকে মধ্যস্থতাকারী নিয়োগ করেন বিচারক। কিন্তু দীর্ঘদিনেও কোনো মধ্যস্থতা না হওয়ায় বিচারক মামলাটিতে ইস্যু গঠনের জন্য দিন ধার্য করেন।
১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে সোনালি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। পরে ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক ঋণ মঞ্জুর করে। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেওয়া হলেও বিবাদীরা কোনো ঋণ পরিশোধ করেননি। পরে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপির অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালি ব্যাংক এই মামলা করে।