মিরসরাই: উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের হলফনামা
ঋণগ্রস্ত গিয়াসের কোটিপতি স্ত্রী আতার আয়ের তুলনায় টাকা বেশি
মিরসরাইয়ে তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে আওয়ামী লীগের নেতা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও তাঁর স্ত্রীর। সম্পদের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপি-সমর্থিত নুরুল আমিন এবং তৃতীয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান।
তিন চেয়ারম্যান পদপ্রার্থীর হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। মিরসরাইয়ে চেয়ারম্যান পদে এ তিনজন প্রার্থী এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হলফনামায় দেখা যায়, মো. গিয়াস উদ্দিনের চেয়ে তাঁর স্ত্রী তাহমিনা গিয়াসের সম্পদের পরিমাণ বেশি। তাঁর রয়েছে প্রায় দুই কোটি ২২ লাখ টাকা দামের বাড়িসহ দুই কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৩২০ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি। স্বামীর চেয়ে বেশি টাকা দামের গাড়িতে তিনি চড়েন। অপর দিকে, গিয়াসের রয়েছে অর্ধকোটি টাকার বেশি ঋণ।
গিয়াস উদ্দিন তাঁর ব্যবসা থেকে বছরে আয় করেন সাত লাখ ২৫ হাজার ৭০০ টাকা। কৃষি খাত থেকে আয় ১১ হাজার ৫০০ টাকা। তাঁর ওপর নির্ভরশীলদের মোট আয় ১৯ লাখ ৩৪ হাজার টাকা। উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তিনি সম্মানী পেয়েছেন দুই লাখ ৪৬ হাজার টাকা। স্থাবর-অস্থাবর সম্পদ আছে ৫৭ লাখ ৪৯ হাজার ৩৪০ টাকা মূল্যের। বিপরীতে ইস্টার্ন ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় ৬৫ লাখ ৪৪ হাজার ৭৫০ টাকা ঋণ রয়েছে। হলফনামায় দুজনেরই ব্যবসার ধরন, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-গাড়ি ও সম্পদের অবস্থান এবং সংখ্যা স্পষ্ট করা হয়নি। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা থাকলেও আদালত তাঁকে খালাস দিয়েছেন।
বিএনপির নুরুল আমিনের স্থাবর-অস্থাবর মিলে রয়েছে ২১ লাখ ৫১ হাজার ৩৪৫ টাকা মূল্যের সম্পদ। তিনি মত্স্য ব্যবসা থেকে বছরে দুই লাখ ৫০ হাজার টাকা এবং কৃষিখাত থেকে ১০ হাজার টাকা আয় করেন। তাঁর একটি পিকআপ ভ্যান, ইলেকট্রনিকস পণ্য এবং আসবাব থাকার কথা উল্লেখ থাকলেও এসবের সংখ্যা বা দাম স্পষ্ট করা হয়নি। তাঁর সম্পদের বিপরীতে ঋণ রয়েছে ১২ লাখ ৭০ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ২০ তোলা পরিমাণ স্বর্ণালংকার।
নুরুল আমিনের হলফনামায় মহাসড়কে নাশকতার দায়ে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়েরকৃত সাতটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে বেশির ভাগ মামলাই বিস্ফোরক আইনের ৩-৪ ধারা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা। মামলাগুলো নিম্ন আদালতে বিচারাধীন। এসব মামলায় সম্প্রতি তিনি উচ্চআদালত থেকে জামিন নিয়েছেন বলে জানান।
শেখ আতাউর রহমানের পরিবার চলত শুধু শিক্ষকতার আয় দিয়ে। নির্বাচনের শর্ত মানতে গিয়ে তাঁকে চাকরি ছাড়তে হয়েছে। বর্তমানে তিনি বেকার। তবে আয়ের তুলনায় তাঁর কাছে নগদ টাকার পরিমাণ দেখানো হয়েছে বেশি। এ টাকা আয়ের বিস্তারিত বিবরণ নেই হলফনামায়।
শেখ আতার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ নেই। তিনি শিক্ষকতা করে বছরে আয় করেন দুই লাখ ৫৭ হাজার ৪৮৮ টাকা। নগদ টাকার পরিমাণ ১৩ লাখ ৬৯ হাজার ৫৬৭ টাকা।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৩৬ হাজার ৯৪৯ টাকা ৪৫ পয়সা। উত্তরাধিকার সূত্রে ১৫ শতক জমির মালিক তিনি। স্ত্রীর না থাকলেও নিজের রয়েছে ২০ ভরি স্বর্ণালংকার। এ ছাড়া, আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে এক লাখ ৯০ হাজার টাকার।
তিন প্রার্থীই উচ্চশিক্ষিত। গিয়াস উদ্দিন স্নাতকোত্তর ও শেখ আতাউর রহমান স্নাতক পাস। নুরুল আমিন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল পাস করেছেন।