ঋণপত্র থেকে ছাড়পত্র—সবই জাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণপত্র খোলা থেকে শুরু করে পণ্য খালাসের ছাড়পত্র—সব নথি ও সই জালিয়াতি করে এবার চট্টগ্রাম বন্দর থেকে বিলাসবহুল একটি বিএমডব্লিউ জিপ খালাসের অপচেষ্টা শনাক্ত হয়েছে। প্রায় দেড় কোটি টাকা শুল্ক-কর ফাঁকি দিতে অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিলেন এক আমদানিকারক ও তাঁর সহযোগীরা।কাস্টম হাউসের এক তদন্ত প্রতিবেদনে অভিনব জালিয়াতির এই চিত্র উঠে এসেছে। কাস্টম হাউসের সহকারী কমিশনার নাহিদ নওশাদের নেতৃত্বে একটি কমিটি গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন জমা দেন অতিরিক্ত কমিশনার মতিউর রহমানের কাছে। প্রতিবেদনে কীভাবে ঋণপত্র খোলা থেকে শুরু করে শুল্ক-কর জমা দেওয়ার ছাড়পত্র পর্যন্ত সব নথিই জালিয়াতি করা হয়েছে, সেই চিত্র তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে দেখা যায়, আগের ব্যবহূত একটি ঋণপত্রের নম্বর ব্যবহার করে সহিদুর রহমান নামে একজন আমদানিকারক যুক্তরাষ্ট্র থেকে একটি কনটেইনারে বিএমডব্লিউ এক্স-৫ মডেলের গাড়ি আমদানি করেন। এই গাড়ির রপ্তানিকারকও সহিদুর রহমান নামে একই ব্যক্তি। চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এইচ কে ইন্টারন্যাশনালের পাসওয়ার্ডে এই গাড়ি আমদানির কাগজপত্র কাস্টম হাউসে জমা দেওয়া হয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২ অক্টোবর প্রাডো গাড়ির আমদানির দলিলপত্র দাখিল করা হয় কাস্টম হাউসে। গত ৩ জানুয়ারি বন্দরের সিডব্লিউ ইয়ার্ডে গাড়িভর্তি এই কনটেইনার পরীক্ষা করে একটি বিএমডব্লিউ জিপ এবং একটি ৪০ ইঞ্চি এলসিডি টিভি পাওয়া যায়।জানতে চাইলে কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, সব নথিপত্র জাল করে পণ্য খালাসের এই অপচেষ্টার জন্য দায়ী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ও সহিদুর রহমান নামে ওই আমদানিকারকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। গাড়িটিও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে বলে তিনি জানান।কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, এর আগে মিথ্যা ঘোষণায় কিংবা শুধু ছাড়পত্র জাল করে পণ্য খালাসের চেষ্টা করা হয়েছে। কিন্তু ঋণপত্র খোলা থেকে শুরু করে এমন অভিনব জালিয়াতির ঘটনা হয়নি। রপ্তানিকারক ও আমদানিকারক একই ব্যক্তি হওয়ায় আগের ব্যবহূত একটি ঋণপত্রের নম্বর জালিয়াতি করে এই পণ্য আমদানি সম্ভব হয়েছে বলে মনে করেন তাঁরা।তদন্ত কমিটি বন্দর কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্ট, জাহাজ কোম্পানির প্রতিনিধি, ব্যাংকের প্রতিনিধি ও কাস্টম হাউসের কর্মকর্তাদের বক্তব্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে আমদানিকারক সহিদুর রহমান এবং সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স এইচ কে ইন্টারন্যাশনালকে দায়ী করে প্রতিবেদন জমা দেয়।কমিটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বক্তব্য পেলেও গাড়ির আমদানিকারক সহিদুর রহমানের ঢাকার ঠিকানায় যোগাযোগ করেও কাউকে পায়নি।এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান নাহিদ নওশাদ প্রথম আলোকে বলেন, ‘আমদানিকারক সহিদুর রহমান এবং সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এইচ কে ইন্টারন্যাশনাল এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ-সংক্রান্ত সব কাগজপত্র জাল বলেও আমরা প্রমাণ পেয়েছি।’এ ব্যাপারে জানতে চাইলে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এইচ কে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী কামরুল হাসান দাবি করেন, কে বা কারা তাঁর প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ব্যবহার করে এই গাড়ির নথিপত্র জমা দিয়েছে। এর সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের কেউ জড়িত নয়।