পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিলের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরসংলগ্ন এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা বলেন, ‘যেকোনো মূল্যে বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণ করবে। আমরা বিশ্বব্যাংকের কাছে কোনো ভিক্ষা চাই না। ঋণপ্রাপ্তি আমাদের অধিকার।’মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড আওয়ামী লীগের সহযোগিতায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ প্রবাসীরা এই সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজানো দুর্নীতির অভিযোগ এনে ঋণচুক্তি বাতিল করা হয়েছে।সমাবেশে বক্তারা বলেন, কোনো অজুহাতে বিশ্বব্যাংকের পদ্মা সেতু ঋণচুক্তি বাতিলের বিষয়টি মেনে নেওয়া যায় না। তাঁরা অভিযোগ করেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা বানচাল করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামায়াতও এই ষড়যন্ত্রে জড়িত। যুদ্ধাপরাধের বিচার বানচাল করার অপচেষ্টা চলছে। বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি পুনর্বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ চলবে।এদিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেন, সংগ্রামী ও আত্মপ্রত্যয়ী জাতি কোথাও মাথা নত করতে পারে না। তিনি এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণাকে অভিনন্দন জানান। জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের এক দিনের বেতন পদ্মা সেতু নির্মাণের তহবিলে দান করার ঘোষণাও দিয়েছেন।বিক্ষোভ চলাকালে বিশ্বব্যাংকের নবনির্বাচিত প্রেসিডেন্ট কিম ইয়ং জিমের প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক প্রেসিডেন্টের প্রতিনিধি বিক্ষোভকারীদের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় বিশ্বব্যাংক কর্তৃপক্ষের কাছে পদ্মা সেতুর ঋণচুক্তি পুনর্বিবেচনার জন্য সমাবেশ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। বিশ্বব্যাংক প্রতিনিধির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।সমাবেশে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহাজাহান মাহমুদ, খালিদ হাসান, আবুল হাসনাত, মহিউদ্দীন দেওয়ান, ফারুক আহমেদ, শাহীন আজমল, নুরুন্নবী কমান্ডার, আবদুস সামাদ, আবদুল হাকিম প্রমুখ।