ঋণে জর্জরিত দিনমজুর হত্যা করলেন স্ত্রীকে
পাবনার চাটমোহর উপজেলার বৃরায়নগর গ্রামে গতকাল শুক্রবার রোকেয়া খাতুন (৩৬) নামের এক গৃহবধূকে পানিতে ডুবিয়ে তাঁর স্বামী হত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্বামী আবদুল কুদ্দুসকে আটক করেছে পুলিশ।কুদ্দুস পুলিশকে জানিয়েছেন, ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে তিনি স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, কুদ্দুস পেশায় দিনমজুর। সংসারে অভাব থাকায় তিনি প্রায়ই রোকেয়ার নামে বেসরকারি বিভিন্ন সংস্থা ও মহাজনদের কাছ থেকে ঋণ নিতেন। এতে তাঁর প্রায় ৪৫ হাজার টাকা ঋণ জমে যায়। একপর্যায়ে ঋণের টাকা পরিশোধের জন্য পাওনাদারেরা তাঁকে (কুদ্দুস) চাপ দিতে থাকেন। এতে তিনি দিশেহারা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। ঘটনার আগের রাতেও দুজনের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকাল সাতটার দিকে বাড়ির পাশের পুকুরে রোকেয়ার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ রোকেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস তাঁর স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়েই তিনি এ খুন করেছেন বলে জানিয়েছেন। তাঁর ধারণা ছিল, যেহেতু প্রতিটি ঋণ স্ত্রীর নামে, তাই স্ত্রী মারা গেলে টাকা পরিশোধ করতে হবে না।