ঋণে জর্জরিত স্বামীর অত্যাচারে গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহিদুল ইসলাম নিজের ব্যবসার স্বার্থে ঋণ করে দেড় লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেছিলেন। তারপর তিনি টাকা জোগাড়ের জন্য স্ত্রী ছাবিলা খাতুনকে (৩০) পাঠান শ্বশুরবাড়িতে। কিন্তু ছাবিলার বাবা টাকা দিতে অপরাগ হওয়ায় স্ত্রীর ওপর নেমে আসে নির্যাতন। এরই জের ধরে ক্ষোভে-অভিমানে ওই মোটরসাইকেলেরই পেট্রল গায়ে ঢেলে আত্মহত্যা করেন ছাবিলা।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খাদুলী গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
ছাবিলার বাবা একই উপজেলার চকপাঙ্গাসী গ্রামের ছাইদার আলী। তিনি বলেন, ‘জামাতা শহিদুল মোটরসাইকেলে যাত্রী পরিবহনের ব্যবসা করেন। ছয় মাস আগে তিনি দেড় লাখ টাকা ঋণ করে একটি মোটরসাইকেল কেনেন। সেই ঋণ পরিশোধ করতে টাকার জন্য তিনি ছাবিলাকে আমার বাড়িতে পাঠান। আমি টাকা দিতে পারি নাই।’ তিনি আরও বলেন, এরই জের ধরে একপর্যায়ে ছাবিলার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন শহিদুল।
শহিদুলের বাড়ির প্রতিবেশীদের বরাত দিয়ে ছাইদার আলী আরও বলেন, গতকাল দুপুরে বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবার কথা-কাটাকাটি হয়। শেষে শহিদুল বাড়ি থেকে বেরিয়ে যান। একপর্যায়ে ছাবিলা শোয়ার ঘরে ঢুকে সেখানে রাখা মোটরসাইকেলের পেট্রল গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। আশপাশের লোকজন দরজা ভেঙে ছাবিলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক কাওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর বাবা থানা অপমৃত্যু মামলা করেছেন। ছাবিলার আত্মহত্যার পর থেকে শহিদুল পলাতক।