ঋণের কিস্তি নিয়ে বিপাকে বন্যাদুর্গতরা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঋণগ্রহীতা প্রায় ২০ হাজার গ্রাহক কিস্তির টাকা পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন। এনজিওকর্মী ও দাদন ব্যবসায়ীরা গ্রহীতাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ঘরের হাঁস-মুরগি, গরু-ছাগল নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতারা দাবি জানিয়েছেন। ২২ জুন থেকে সৃষ্ট সাত দিনের বন্যায় এ উপজেলার অন্তত আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। উপজেলার কাকারা গ্রামের এক নারী জানান, দেড় বছর আগে একটি এনজিও থেকে তিনি হাঁস-মুরগি পালনের জন্য ২০ হাজার টাকা ঋণ নেন। ইতিমধ্যে তিনি ১২ হাজার টাকা পরিশোধ করেন। তিনি অভিযোগ করেন, বাকি আট হাজার টাকা পরিশোধের জন্য কয়েকজন এনজিওকর্মী কয়েক দিন ধরে তাঁকে নানাভাবে হয়রানি করছেন। ওই নারী আরও জানান, সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে তাঁর বাড়িটি ভেঙে গেছে। তিন ছেলেমেয়ে নিয়ে তিনি পাশের একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। বন্যার পানিতে ঘরের হাঁস-মুরগি ও তিনটি ছাগল ভেসে যায়। এখন কিস্তির টাকা পরিশোধের মতো তেমন কিছুই নেই। উপজেলার হারবাং, সুরাজপুর, মানিকপুর, চিরিঙ্গা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঋণগ্রহীতা জানান, হাঁস-মুরগি লালন-পালন, সবজি চাষ, দুগ্ধ খামার, সেলাই কেন্দ্র ও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার বিপরীতে তাঁরা দাদন ব্যবসায়ী, ব্যাংক ও কিছু এনজিওর কাছ থেকে ১০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ নেন। সাম্প্রতিক বন্যায় তাঁদের অনেকের মাঠের ফসল, গৃহপালিত পশুপাখি ও লবণের মাঠ ভেসে যায়। এতে তাঁরা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। কিন্তু, দাদন ব্যবসায়ীরা ঋণের টাকা তুলতে গবাদিপশু, গুদামের লবণ, গোলার ধান ও স্বর্ণালংকার নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঋণগ্রহীতারা।খোঁজ নিয়ে জানা গেছে, চকরিয়ায় ৩২টি এনজিও ঋণ বিতরণসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রায় ১০ হাজার গ্রাহকের মধ্যে কয়েকটি এনজিও প্রায় ৬০ কোটি টাকা ঋণ বিতরণ করে। আবার বিভিন্ন দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে আরও ৩০ কোটি টাকার বেশি দাদন নেন আরও ১০ হাজার গ্রাহক। এসব ঋণগ্রহীতাকে রক্ষার দাবিতে গত রোববার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার চিরিঙ্গা সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা সংবাদ সম্মেলন করেন। ফাঁসিয়ালী ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘সাত দিনের বন্যায় এই উপজেলায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন আশ্রয়হীন। তাই আমরা সংবাদ সম্মেলন করে কিস্তির টাকা উত্তোলনের নামে লুটপাট বন্ধ করতে বলেছি। গ্রাহকদেরও কিস্তির টাকা পরিশোধ না করতে বলে দিয়েছি।’ একই দিন অনুরূপ দাবি জানিয়ে পৃথক সংবাদ সম্মেলন করে চকরিয়া ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি রেজাউল করিম সওদাগর জানান, বন্যার পানি ঢোকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার তিন শতাধিক দোকানে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এতে কয়েক শ ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। জানতে চাইলে চকরিয়া এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোহামঞ্চদ নোমান বলেন, ‘পরিষদের অন্তর্ভুক্ত ৩২টি এনজিও নিয়ে আমরা বৈঠক করেছি। বৈঠকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার পক্ষে সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তাদের সুপারিশ করা হয়। তাঁরা ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’