ঋণের চিন্তায় আত্মহত্যা!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে পুলিশ গতকাল সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবুল হাশেম মিজি (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আবুল হাশেমের পরিবারের ভাষ্য, ঋণের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।আবুল হাশেমের স্ত্রী মনোয়ারা বেগম জানান, তাঁর স্বামী দিনমজুর। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলে ঢাকায় মিস্ত্রির কাজ শিখছে। মেয়ে পড়ে অষ্টম শ্রেণীতে। তাঁর স্বামী আগে রিকশা চালাতেন। বর্ষার মৌসুমে শুরু করেন মাটির কাজ।মনোয়ারা জানান, তাঁর স্বামী আগেই একটি এনজিও থেকে ঋণ তুলেছেন ১৫ হাজার ২০০ টাকা। তারও পর ২ এপ্রিল আরেকটি এনজিও থেকে ২৩ হাজার টাকা তোলেন। এতে প্রতি সপ্তাহে আগের ঋণের কিস্তি ৪৫০ টাকা ও পরের ঋণের কিস্তি ৬৭৫ টাকা দাঁড়ায়। গতকাল রোববার দুটি প্রতিষ্ঠানের এক হাজার ১২৫ টাকা পরিশোধের দিন ধার্য ছিল। শনিবার রাতে তাঁর স্বামী এনজিওর কিস্তি পরিশোধের এ চিন্তায় ঘুমাননি।হাশেমের মেয়ের ভাষ্যমতে, গতকাল ভোরে তার বাবা সেহির খাননি। একটি সিগারেট মুখে দিয়ে ঘরের সামনে হাঁটাহাঁটি করেন। পরে সকালে দেখে, বাড়ির সামনে পুকুরপাড়ে একটি আমগাছের সঙ্গে তাঁর বাবার লাশ ঝুলছে।