ঋণের টাকা না দেওয়ায় গৃহবধূ গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় এক নারীর ঋণের টাকা না দেওয়ায় এক গৃহবধূকে গত বৃহস্পতিবার রাত থেকে থানাহাজতে রাখে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ঋণ ব্যবসায়ী ওই নারীর কাছ থেকে মামলা নিয়ে গৃহবধূকে জেলহাজতে পাঠানো হয়।
ওই গৃহবধূর অভিযোগ, টঙ্গী মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ঋণ ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছেন।
কলেজ গেট এলাকার ঋণ ব্যবসায়ী মামলার এজাহারে উল্লেখ করেন, তিনি এলাকার ওই গৃহবধূকে চলতি বছরের প্রথম দিকে তিন কিস্তিতে সাত লাখ ৩৯ হাজার টাকা দেন। টাকা আদায় করতে না পেরে তিনি মামলা করেছেন।
গতকাল টঙ্গী মডেল থানাহাজতে আটক অবস্থায় ওই গৃহবধূ বলেন, প্রায় আট মাস আগে তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা ঋণ নেন। কিন্তু আট মাসের মাথায় সুদে-আসলে সাত লাখ ৩৯ হাজার টাকা দাবি করেন ব্যবসায়ী।
আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এসআই মনিরুজ্জামান বলেন, ‘উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেছি। পরে মামলা হলে আদালতে পাঠানো হয়। এখন ঠিকই টাকা ফেরত দেবে।’