ঋণের টাকা বাড়ি পৌঁছে দেয় দালাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ঋণের টাকা তুলে একশ্রেণীর দালাল গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে অর্ধেক হারে টাকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোনালী ব্যাংক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শাখায়। ভুক্তভোগীরা ঋণের সব টাকা পাওয়ার জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন।ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুশান্ত চক্রবর্তী এ বিষয়ে বলেন, ‘ঋণ দেয় মাঠকর্মী ও ক্যাশিয়ার। আমি তাঁদের প্রস্তুত করা কাগজে সই করি। ওই ঋণগুলোর ব্যাপারে তদন্ত চলছে। তাই আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’ সোনালী ব্যাংক ঠাকুরগাঁওয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এসএমডি মাঞ্জুরুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে প্রশাসনিক কারণে শাখা ব্যবস্থাপককে ঠাকুরগাঁও প্রধান কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে।অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ সোনালী ব্যাংকের দালাল হিসেবে পরিচিত দ্বিজেনচন্দ্র রায় উপজেলার আগ্রা ও হরশুয়া গ্রামের কিছু মানুষকে ঋণ গ্রহণে রাজি করিয়ে কয়েকটি ফরমে সই/টিপসই নেন। পরে গ্রাহকদের নামে ২৫-৩০ হাজার টাকা হারে ঋণ পাস হয়। কিছুদিন পর ওই দালাল গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে টাকা প্রদান করেন।ঋণগ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দালাল দ্বিজেনচন্দ্র রায় কার্তিক মাসের প্রথম সপ্তাহে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে ৯-১৩ হাজার টাকা করে দেন। কিন্তু ব্যাংকের খাতায় গ্রহীতাদের নামে ২৫-৩০ হাজার টাকা করে ঋণ লেখা হয়েছে, যা গ্রাহকদের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। আগ্রা গরিনা বাড়ি গ্রামের গ্রাহক গীতা রানীর নামে জাগো নারী প্রকল্পের জন্য ২৫ হাজার টাকার ঋণ পাস হয়েছে। তিনি জানতেন না এটা কিসের ঋণ। তিনি বলেন, ‘হামরা স্বামী-স্ত্রী দুজনেই মাইনসের কাম করি খাই। হামার কোনো জমি নাই। দ্বিজেন দালাল কাগজত সই নেহেনে মোক কার্তিক মাসত ১২ হাজার টাকা আনে দিচে। এ টাকালা বেলে আর ঘুরায় দিবা হবেনি।’ একই গ্রামের গ্রাহক মুক্তা রানী বলেন, ‘দ্বিজেন দালাল ১ কার্তিকে ছয়-সাত খান কাগজত সই নিয়াহেনে আট-নয় দিন পর সন্ধ্যায় আসিয়া ১৩ হাজার টাকা দিয়া গিচে।’এ বিষয়ে প্রতারিত গ্রাহকেরা স্থানীয় সাংসদ বরাবরে ব্যাংকের দালাল পীরগঞ্জের হরশুয়া গ্রামের দ্বিজেনচন্দ্র রায়, বাদনোহালী গ্রামের জহিরউদ্দীন, শাখা ব্যবস্থাপক সুশান্ত চক্রবর্তী ও কর্মকর্তা শামসুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সাংসদের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও মকশেদ আলী তদন্ত করে ২২ নভেম্বর যাচাই প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে জানা যায়, ২৬ জন ঋণগ্রহীতার মধ্যে ২১ জনেরই কোনো জমি নেই। তাঁদের অনেকেই দিনমজুর, ভ্যানচালক, মাটিকাটা ও অন্যান্য শ্রমিক। তাঁরা চাষাবাদ করেন না। এ ছাড়া ‘জাগো নারী’ মহিলাদেরও কোনো প্রকল্প নেই।ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণ নেওয়ার ক্ষেত্রে মাঠকর্মী সরেজমিনে গিয়ে তদন্ত করে ঋণবন্ডে সুপারিশ করে ব্যবস্থাপকের কাছে উপস্থাপন করবেন। ব্যবস্থাপক ঋণ পাস করে ক্যাশ ভাউচারে সই করে ক্যাশ কাউন্টারে পাঠালে কাউন্টারের দায়িত্বশীল কর্মকর্তা ডেবিট ভাউচারে গ্রাহকের সই/টিপসই নিয়ে টাকা দেবেন। ব্যাংকের মাঠ কর্মকর্তা শামসুল হক বলেন, ‘আবেদনকারী ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও কৃষিই তাঁর একমাত্র পেশা’ মর্মে ইউপি চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতেই আমি ঋণের কাগজ তৈরি করেছি। এখানে আমাকে কেউ ধরতে পারবে না। ব্যবস্থাপক ঋণ পাস করেন।’কথিত দালাল দ্বিজেনচন্দ্র রায় মুঠোফোনে বলেন, ‘আপনারা তো জানেন, আমি দালালি করেই খাই। আমি ব্যাংক থেকে টাকা পেয়েই ওইসব লোককে দিয়েছি। এটা ম্যানেজার, ক্যাশিয়ার ও মাঠকর্মী সবাই জানেন। আমি একা দোষ নেব কেন? বিচার হবে, সবার হোক।’ ব্যাংকের প্রধান ক্যাশিয়ার গোলাম মোস্তফা বলেন, ক্যাশ কাউন্টারে অনেক ভিড় থাকে। অনেক লোক একসঙ্গে ঋণ নিতে আসেন। এ সময় সবাইকে চেনা মুশকিল।