ঋণের টাকায় কেনা ওয়াগন ইয়ার্ডে পড়ে আছে

বিমানের জ্বালানি (জেট ফুয়েল) পরিবহনের জন্য ভারতীয় ঋণে কেনা ৮১টি ওয়াগন দেড় বছর ধরে চট্টগ্রামে রেলওয়ের ইয়ার্ডে পড়ে আছে। ৮৬ কোটি টাকায় কেনা এসব ওয়াগনের নিশ্চয়তার (ওয়ারেন্টি) মেয়াদ আগামী জুনে শেষ হবে। সরকারি তিন সংস্থার টানাপোড়েনে ঢাকায় খালাস স্থাপনা নির্মাণ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পদ্মা অয়েলের সঙ্গে চুক্তি অনুযায়ী চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে জেট ফুয়েল নেওয়ার জন্য ভারত থেকে ওয়াগনগুলো কেনা হয়। ৮১টি মিটারগেজ ওয়াগন ও তিনটি ব্রেক ভ্যান (ট্রেনের গার্ডের কামরা) ২০১৩ সালের জুলাই মাসে বাংলাদেশে এসে পৌঁছায়। কিন্তু জমির মালিকানা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে রেলওয়ের বিরোধ না মেটায় ঢাকায় খালাস স্থাপনা নির্মাণ করা যায়নি। আর সিলেটের ওসমানী বিমানবন্দরের জন্য পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড সেখানে জেট ফুয়েল নেওয়ার আশ্বাস দিয়েও না নেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। এর মধ্যে ওয়াগনের নিশ্চয়তার (ওয়ারেন্টি) মেয়াদ শেষ হতে চলেছে। ভারতীয় কোম্পানি টেক্সমাকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড এসব ওয়াগন সরবরাহ করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘সরকারি সম্পদ তো আর দীর্ঘদিন ফেলে রাখা যাবে না। সহসাই এর বিকল্প ব্যবহার শুরু হবে।’
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে নৌপথে চট্টগ্রাম থেকে ঢাকায় জেট ফুয়েল পরিবহন হয়। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে নেওয়ার পর সেখান থেকে ট্যাংক লরির মাধ্যমে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল নেওয়া হয়। এ প্রক্রিয়ায় খরচ ও তেল অপচয় বেশি হয়। এটি কমাতে প্রায় ১০ বছর আগে চট্টগ্রাম থেকে ঢাকায় জেট ফুয়েল পরিবহনের সিদ্ধান্ত হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ২০১০ সালের জানুয়ারিতে রেলওয়ে ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি হয়। সে অনুযায়ী জ্বালানি খালাসের জন্য স্টেশনের পাশে সাইডিং (ওয়াগন রাখার জন্য আলাদা রেললাইন) তৈরি করবে রেলওয়ে। আর জ্বালানি খালাসের জন্য স্টেশনের পাশে মজুদাগার (স্টোরেজ ট্যাংক) ও স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত তেল সরবরাহের জন্য পাইপলাইন তৈরি করবে পদ্মা অয়েল। এসব স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত হয় বিমানবন্দর স্টেশনের পাশে রেলওয়ের জমিতে।
পদ্মা অয়েলের একটি সূত্র জানিয়েছে, সাইডিং ও স্থাপনা নির্মাণের জন্য নির্ধারিত জায়গার মালিকানা নিয়ে রেলওয়ে ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব থাকায় কাজ শুরু করা যায়নি। ২০১৩ সালের ২২ মে জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয় রেলওয়ে সাইডিং নির্মাণের জন্য নির্মাণকাজ শুরু করবে এবং জমির মালিকানা নির্ধারণের কাজও একই সঙ্গে চলবে। কিন্তু শেষ পর্যন্ত কাজ শুরু করা যায়নি। শাহজালাল বিমানবন্দরে বছরে জেট ফুয়েলের গড় চাহিদা আড়াই লাখ টন।
বিষয়টি নিয়ে পদ্মা অয়েলের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং স্থাপনা নির্মাণ শেষ করেছে পদ্মা অয়েল। চট্টগ্রাম থেকে সিলেটে রেলপথে জেট ফুয়েল পরিবহন করবে বলে তারা রেলওয়েকে জানিয়েছিল। কিন্তু বিভিন্ন উড়োজাহাজ সংস্থা সিলেট থেকে জ্বালানি তেল নিতে আগ্রহী না হওয়ায় এটিও ঝুলে রয়েছে। সিলেটগামী উড়োজাহাজগুলো ঢাকা থেকে তেল সংগ্রহ করে।
এ বিষয়ে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় জমি না পাওয়ায় খালাস স্থাপনা তৈরির কাজ শুরু করা যায়নি। এ-সংক্রান্ত সমস্যা মিটে গেলেই সেখানে কাজ শুরু হবে। জ্বালানি মন্ত্রণালয় বিষয়টি দেখছে। এ ছাড়া খুব শিগগিরই সিলেটেও জ্বালানি তেল সরবরাহ করতে পারব আশা করি।’
রেলওয়ে সূত্র জানিয়েছে, জেট ফুয়েলের জন্য কেনা প্রতিটি ওয়াগনের ধারণক্ষমতা ৩৪ টন। আর একটি ওয়াগনের ভাড়া সাড়ে ২৪ হাজার। প্রতি মাসে ঢাকা বিমানবন্দরে গড়ে ২০ হাজার টন জেট ফুয়েল প্রয়োজন হয়। সে হিসাবে, নির্ধারিত সময়ে পরিবহন শুরু করা গেলে প্রতি মাসে কমপক্ষে সোয়া কোটি টাকা রাজস্ব আয় হতো। দেড় বছরের বেশি সময় ধরে ওয়াগনগুলো পড়ে থাকায় প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে রেলওয়ে।
রেলওয়ের একজন কর্মকর্তা জানান, ওয়াগনগুলো পরীক্ষামূলক পরিবহনের (লোড ট্রায়াল) জন্য গত বছর একাধিকবার চিঠি দেওয়ার পরেও পদ্মা অয়েল কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। ঢাকার পরিবর্তে সিলেটে পরিবহন করা যাবে এ আশায় এত দিন বিকল্প ব্যবহারেরও চিন্তা করেনি রেলওয়ে। তবে গত বছরের নভেম্বর মাসে এক চিঠির মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষকে পদ্মা জানায়, সিলেটে জেট ফুয়েল পরিবহন এখনই সম্ভব হচ্ছে না। এরপরই সিলেট-শ্রীমঙ্গল রুটে ডিজেল, কেরোসিনের মতো অন্যান্য তেল পরিবহনের সিদ্ধান্ত নেয় রেলওয়ে। আপাতত ২৭টি ওয়াগন এ কাজে ব্যবহার করা হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, জেট ফুয়েলের ওয়াগনগুলো অন্যান্য মালবাহী ওয়াগনের চেয়ে ভিন্ন। সে কারণে সেগুলোকে ওয়ার্কশপে ডিজেল পরিবহন উপযোগী করার কাজ চলছে। আপাতত ২৭টি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। বাকি ৫৪টি ওয়াগনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, রেলওয়ের ওয়ার্কশপে আমদানি করা ওয়াগনগুলোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে কোনোটির লোড ট্রায়াল সম্ভব হয়নি। আগামী জুনের পরে ওয়াগনগুলো চালানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তাহলে সরবরাহকারী প্রতিষ্ঠান আর এর দায়দায়িত্ব নেবে না। রেলওয়ের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মিয়াজাহান জানান, ‘এ মাসেই ২৭টির লোড ট্রায়াল শুরু করতে পারব বলে আশা করছি।’