ঋণের টাকায় নির্মিত টার্মিনাল ভবন পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশে ফাঁকা মাঠ। সেখানে মাটি ভরাট করে তৈরি করা হয়েছে টার্মিনাল ভবন। এতে ব্যয় হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা। সাইনবোর্ডে লেখা আছে, পৌর বাস টার্মিনাল। কিন্তু এখানে কোনো যানবাহন নেই। গরুর হাটের জন্য পুঁতে রাখা হয়েছে বাঁশ। ভবন নির্মাণ করা হলেও একটি সংযোগ সড়ক নির্মাণ করতে না পারায় টার্মিনালটি চালু করা যায়নি।
উপজেলা পরিষদ থেকে ঋণ নিয়ে প্রায় ছয় বছর আগে পাবনার চাটমোহর পৌরসভা এই টার্মিনালটি নির্মাণ করেছে। ঋণের টাকা শোধ করতে প্রতিদিন চাঁদা তোলা হচ্ছে পুরোনো টার্মিনালে আসা বাস-ট্রাক থেকে। এতে ক্ষুব্ধ হচ্ছেন অনেকে।
চাটমোহর পৌরসভা সূত্রে জানা যায়, পৌর শহরে দীর্ঘদিন ধরে কোনো বাস টার্মিনাল নেই। সড়কের ওপর এলোমেলোভাবে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখা হয়। এর ফলে ২০০৯ সালে একটি নতুন বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেয় পৌরসভা। টার্মিনালটি নির্মাণের জন্য উপজেলা পরিষদের ‘নগর উন্নয়ন প্রকল্প’ থেকে ৬০ লাখ টাকা ঋণ নেয় পৌরসভা। সঙ্গে পৌর তহবিল থেকে নেওয়া হয় আরও ৮ লাখ টাকা। ৮ লাখ টাকায় চাটমোহর-জুনাইল সড়কের পাশে দুই বিঘা জমি কেনা হয়। পরে সেখানে মাটি ভরাট করে ঋণের ৬০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয় টার্মিনাল ভবন, টিকিট কাউন্টার, শৌচাগারসহ নানা স্থাপনা। পরিকল্পনা ছিল পৌর শহরে যানবাহনের চাপ কমাতে শহরের বাইরে দিয়ে একটি বাইপাস সড়ক তৈরি করে এই টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। কিন্তু তখন সড়কটি নির্মাণেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে নবনির্মিত টার্মিনালটি।
পৌরসভার লাইসেন্স পরিদর্শক ও ভারপ্রাপ্ত সচিব মো. বাকি বিল্লাহ জানান, উপজেলা পরিষদ থেকে নেওয়া ৬০ লাখ টাকার ঋণের বার্ষিক কিস্তির পরিমাণ ছয় লাখ টাকা। বর্তমান মেয়র গত বছরের ১৫ জুন বাস টার্মিনালটি উদ্বোধন করেন। সংযোগ সড়কটিও নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু সড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় চার কোটি টাকা। এই টাকার জোগান না হওয়ায় উদ্যোগের বাস্তবায়ন হয়নি। পরে ঋণের টাকা পরিশোধ করতে পুরোনো বাস টার্মিনালটি বার্ষিক চার লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নবনির্মিত টার্মিনালটিতে গরুর হাট বসানো হচ্ছিল। কিন্তু সেই হাটও বেশি দিন টেকেনি।
সম্প্রতি এক দুপুরে সরেজমিন দেখা যায়, চাটমোহর পল্লী বিদ্যুৎ কার্যালয় পার হয়ে পুরোনো বাস টার্মিনাল। এখানে কোনো স্থাপনা নেই। সড়কের দুপাশে এলোমেলো থেমে আছে বিভিন্ন যানবাহন। কোনো যানবাহন টার্মিনালে ঢুকলে ইজারাদারের লোকজন চালকের কাছ থেকে টাকা আদায় করছেন। এর বাম দিকের সড়ক দিয়ে আধা কিলোমিটার এগিয়ে গিয়ে দেখা গেল নতুন টার্মিনালটি। পুরো এলাকা নিরিবিলি। টার্মিনাল ভবন তালাবদ্ধ। চারপাশে গরুর হাটের জন্য সারি ধরে পুঁতে রাখা হয়েছে বাঁশের খুঁটি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নির্মাণের পর এই টার্মিনালে কোনো যানবাহন আসেনি। গত বছর কোরবানির ঈদের আগে কয়েক দিন গরুর হাট বসেছিল। এরপর আর হাটও বসেনি।
পুরোনো বাস টার্মিনালে থেমে থাকা যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো ধরনের সুবিধা না পেলেও দুই বছর ধরে ইজারাদারকে তাঁদের টাকা দিতে হচ্ছে। টার্মিনাল এলাকায় কোনো ট্রাক ঢুকলেই প্রতিদিন ৩০ টাকা, বাস ২০ টাকা, মিনি ট্রাক ২০ টাকা, মিনিবাস ১০ টাকা, শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন-করিমনসহ বিভিন্ন ছোট যানবাহন থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত পাঁচজন বাসচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভার ভুল সিদ্ধান্তের মাশুল এখন তাঁদের দিতে হচ্ছে। কোনো ধরনের সুবিধা না পেলেও তাঁদের প্রতিদিন চাঁদা দিতে হচ্ছে।
এ প্রসঙ্গে চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘পূর্বের ভুলের পুরো দায়টা এখন আমাদের ঘাড়ে পড়েছে। বিভিন্নভাবে আমরা ঋণের টাকাগুলো পরিশোধের চেষ্টা করছি। অন্যদিকে পড়ে থাকা টার্মিনাল ভবনটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’