ঋণের দায় থেকে মুক্তি পেতে প্রবাসী প্রকৌশলীর অপহরণের নাটক
অস্ট্রেলিয়ায় এএনজেড ব্যাংক থেকে এক লাখ ডলার ঋণ নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক প্রকৌশলী আবদুল্লাহ আল কাফি। মাসে তাঁর কিস্তি এক হাজার ২০০ ডলার করে। সময়মতো কিস্তি দিতে না পেরে দেশে এসে অপহরণের নাটক করে গা ঢাকা দেন তিনি। তিন দিন আত্মগোপনে থাকার পর গতকাল সকালে পুলিশ তাঁকে উদ্ধার করলে ঘটনা ফাঁস হয়ে যায়। পুলিশের কাছে তিনি এ ব্যাপারে স্বীকারোক্তিও দেন।পুলিশ জানায়, অস্ট্রেলিয়ার নাগরিক আবদুল্লাহ আল কাফি অপহূত হয়েছেন দাবি করে তাঁর স্ত্রী শামীমা চৌধুরী রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২৪ জানুয়ারি পরিবারসহ তাঁদের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। এর আগের দিন বিকেলে তাঁর স্বামী বন্ধু হারুনের সঙ্গে বিমানের টিকিট সংগ্রহের জন্য গুলশানে যান। দুই ঘণ্টা পরে তিনি ফোন করে জানান যে সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছে। তারা এক লাখ ডলার মুক্তিপণ চাইছে বলেও তিনি জানান।অস্ট্রেলিয়ার নাগরিক আবদুল্লাহ আল কাফি অপহূত হয়েছেন—এ খবর বিভিন্ন পত্রিকায় প্রচারিত হয়। ঢাকার অস্ট্রেলীয় দূতাবাস থেকেও বিষয়টি তদন্ত করতে সরকারকে অনুরোধ করে। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্তে নামে।গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মাইনুল হাসান সাংবাদিকদের জানান, অভিযোগের ধরন ও বিবরণ শুনে শুরুতেই পুলিশের সন্দেহ হয়। পুলিশ কাফির স্ত্রীর ফোনে আড়ি পেতে বুঝতে পারে যে স্ত্রীর সঙ্গে কাফির যোগাযোগ হচ্ছে। তিনি নিজের মোবাইল ফোন থেকে খুদে বার্তাও পাঠান। নিজের ফোন থেকে একটি ই-মেইল ঠিকানাও তৈরি করেন। এরপর গোয়েন্দা পুলিশ কাফির বন্ধু হারুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হারুন স্বীকার করেন যে কাফি অপহূত হননি, তিনি গা ঢাকা দিয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজারে আছেন। মঙ্গলবার কাফি কক্সবাজার থেকে ঢাকায় রওনা হয়েছেন বলে তিনি পুলিশকে জানান। এরপর পুলিশ ভোরবেলা যাত্রাবাড়ী এলাকার একটি বাস থেকে কাফিকে উদ্ধার করে এবং গতকাল দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে হাজির করে।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, কাফি পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি ব্যাংকের এক লাখ ডলার ঋণ শোধ করতে পারছিলেন না। এ কারণে নাটক সাজিয়েছেন। নিজের তিনটি ফোনের দুটি বন্ধ করে একটি ফোন দিয়ে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন।গতকাল দুপুরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কাফিকে সাংবাদিকদের সামনে হাজির করার সময় তাঁর বুকে ‘কথিত অপহূত’ লেখা কাগজ লাগানো দেখে তাঁর স্ত্রী শামীমা ক্ষেপে যান। তিনি সাংবাদিকদের সামনেই পুলিশকে বকাঝকা করতে শুরু করেন। একপর্যায়ে শামীমার ভাই হুমায়ুন বুকে লাগানো কাগজ নিজের হাতে ছিঁড়ে ফেলেন। এ সময় কাফি দাবি করেন, পুলিশের বক্তব্য সত্য নয়, সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছিল। কিন্তু সেখানে তিনি কীভাবে গেলেন, কীভাবে মুক্তি পেলেন তার কিছুই বলতে পারেননি। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, এই দম্পতির বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে।