রাজশাহীতে জনতা ব্যাংকের একটি শাখায় শস্য ঋণ বিতরণ না করে কর্মকর্তারা তা বাঁটোয়ারা করে নিয়েছেন। মাত্র এক বছরে বিতরণ করা ঋণ থেকেই তিন কোটি ২২ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।
আবার এই তদন্ত নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। ঋণের অনাদায়ি আরও সাত কোটি টাকার তদন্ত করা হয়নি। অথচ বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে জনতা ব্যাংকের ওই শাখার ৭০ শতাংশ শস্য ঋণই ভুয়া উল্লেখ করা হয়েছে।
জনতা ব্যাংকের রাজশাহীর তাহেরপুর শাখায় এই জালিয়াতির ঘটনা ঘটেছে। অনিয়মের জন্য ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক আবদুস সাত্তার, কর্মকর্তা কসিমুদ্দিন, ইয়াহিয়া রহমান ও বিবেকানন্দ সরকারকে অভিযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিদর্শন-২ শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রশান্ত কুমার শিকদারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল ২০১১ সালের মার্চে তাদের প্রতিবেদন দাখিল করে। তদন্ত দল ২০১০ সালের জানুয়ারি থেকে পরবর্তী সময়ে বিতরণ করা ঋণের মধ্যে তিন কোটি ২২ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পায়। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তদন্ত প্রতিবেদনে ৬৪টি ঋণের ক্ষেত্রে জালিয়াতির কথা বলা হয়েছে। এদের অনেকেই এর আগে থেকেই ব্যাংকের ঋণখেলাপি।
তবে তদন্ত প্রতিবেদনে আগের তিন বছরের ঋণকে তদন্তের আওতায় আনা হয়নি। যদিও ২০০৭ সাল থেকে ২০০৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ে বিতরণ করা দুই হাজার ৪৬টি ঋণের ভেতরে ইতিমধ্যেই সাত কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকা অনাদায়ী পড়েছে। অভিযোগ উঠেছে, তদন্ত কর্মকর্তারা অসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করেছেন। পরে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার উপপরিচালক আবু তাহেরের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি দল তদন্ত করে ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয়েছে, জনতা ব্যাংকের তাহেরপুর শাখার শস্য ঋণের ৭০ ভাগই ভুয়া। তারা প্রতিটি ঋণের সঠিকতা যাচাই করে আত্মসাৎ করা টাকার পরিমাণ নির্ধারণ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের আবেদনপত্রের সঙ্গে যে ছবি ব্যবহার করা হয়েছে তার সঙ্গে ব্যক্তির নামের মিল নেই, একই ছবি বিভিন্ন আবেদনে ব্যবহার করা হয়েছে, কৃষকের আইডি কার্ড ও কৃষক কার্ডের ছবি দেওয়া হয়নি, চেকের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করা হয়েছে, ঋণগ্রহীতার নামে জমির ভুয়া কগজপত্র দেখিয়ে একাধিকবার ঋণ দেওয়া হয়েছে এবং আবেদনপত্রের স্বাক্ষর, জমির চেক, দাখিলা ও খতিয়ান সবই জাল করে ব্যবহার করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের জালিয়াত চক্রটি ১০ শতাংশ সুদে বিতরণ করা শস্য ঋণ চার শতাংশ হারের মসলা ঋণের ক্যাটাগরি দেখিয়ে সুদ ফাঁকিও দিয়েছে। এখন শাখার ভুয়া ঋণগ্রহীতাদের অস্তিত্ব প্রমাণ করতে ব্যাংকের পক্ষ থেকেই তামাদি ঋণের বিপরীতে অল্প অল্প করে টাকা জমা দেওয়া হচ্ছে। নিয়ম রয়েছে তিন বছরের মধ্যে মাত্র ৩০ টাকা জমা দিলেই তামাদি প্রতিরোধ বলে গণ্য হবে। বাস্তবে ঋণগ্রহীতা না থাকলেও সেই কাজ এখন ব্যাংকের পক্ষ থেকেই করা হচ্ছে।
প্রতিবেদনে এসব কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে কে বা কারা কত টাকা আত্মসাৎ করেছে তা জরুরিভাবে নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য ব্যাংক ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই কাজটি এখনো করা হয়নি।
তাহেরপুর শাখায় তদন্তকালে ব্যাংকের কেন্দ্রীয় নিরীক্ষা শাখার প্রধান ছিলেন উপমহাব্যবস্থাপক এস এম আবদুল্লাহ। বর্তমানে তিনি ব্যাংকের তোপখানা শাখার ব্যবস্থাপক। ২০০৭ সাল থেকে শস্য ঋণ বিতরণ করা হলেও কেন পেছনের তিন বছরের ঋণ তদন্তভুক্ত করা হয়নি—জানতে চাইলে তিনি বলেন, তদন্তে অনেক সময় লাগে। এ জন্য যে জায়গায় অনিয়মটা বেশি পুঞ্জীভূত ছিল সেই জায়গা তদন্ত করা হয়েছে।
তাহেরপুর শাখায় কর্মরত বর্তমান ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন আজিম উদ্দিন। তামাদি প্রতিরোধের জন্য ব্যাংক নিজেই টাকা দিচ্ছে কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা দেখছি ফরজ রেখে নফল নিয়ে টানাটানি করছেন।’ তিনি বলেন, টাকা কেউ দিতে পারে কিন্তু ব্যাংকই দিচ্ছে তার প্রমাণ কী।