ঋণের ফাঁদে সর্বস্বান্ত অভাবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় চড়া সুদের ঋণে জড়িয়ে সর্বস্বান্ত হচ্ছেন অভাবীরা। লাগামহীন সুদের কারবারে নিঃস্ব হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অনেক অভাবী। সুদের কারবারিরা ব্যক্তি উদ্যোগে অথবা অনুমোদনহীন সমিতি গড়ে চাালিয়ে যাচ্ছেন এই সুদের ব্যবসা। বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার শিরি বেগম জানান, তিনি মহাজনের ঋণ শোধ করতে বাড়ি-ঘর, হাঁড়ি-পাতিল এমনকি শাড়ি পর্যন্ত বিক্রি করেছেন। এর পরও ঋণ শোধ হয়নি। নিঃস্ব হয়ে তিনি এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। একই মহল্লার রেখা খাতুন জানান, বিশেষ প্রয়োজনে স্থানীয় এক মহাজনের কাছ থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। শোধ করতে না পারায় কয়েক মাসে সেই ঋণ সুদ-আসলে লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। পাওনাদারের অত্যাচারে বাধ্য হয়ে সেই ঋণ শোধ করতে আরেক মহাজনের কাছে হাত পাততে হয়। এভাবে ঋণের বোঝা বাড়তে থাকায় বসতভিটাসহ সবকিছু বিক্রি করে সর্বস্বান্ত হতে হয়েছে তাঁকে। তিনি এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ টাকা সুদ দিয়েও ঋণ শোধ করতে পারেননি। অনুসন্ধানে জানা গেছে, পৌর এলাকার অর্ধশতাধিকসহ উপজেলার দেড় শতাধিক মহাজন নামে-বেনামে সুদের ব্যবসা করছেন। তাঁরা নিবন্ধনহীন বিভিন্ন সমিতির নামে সুদের কারবার করেন। সমিতিগুলো কিস্তিতে পরিশোধের শর্ত দিয়ে অভাবীদের মধ্যে ঋণ বিতরণ করে।হিসাব কষে দেখা যায়, এদের সুদের হারও অনেক বেশি। ঋণগ্রহীতাদের কাছ থেকে প্রতি হাজারে মাসে ৩০০ টাকা সুদ নেওয়া হয়। ঋণগ্রহীতা কেউ ঋণ শোধ করতে পারলে তাঁর প্রতি মাসের সুদ জমা হয় আসলের সঙ্গে। একপর্যায়ে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে বিপজ্জনক হয়ে দাঁড়ায় আসলের পরিমাণ। সুদ বা আসল পেতে দেরি হলেই মহাজনেরা ঋণগ্রহীতাদের বাড়িতে চড়াও হয়ে আসবাবপত্র, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। বেড়া বাজারের হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘বাজারে ১০ থেকে ১৫টি সমিতি ঋণ বিতরণ করে কিস্তি আদায় করে। কিছুদিন আগে একটি সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে পরদিন থেকেই দৈনিক ৬০ টাকা করে ১০০ দিনে ছয় হাজার টাকা শোধ করেছি।’খোঁজ নিয়ে জানা গেছে, চক্রবৃদ্ধি সুদের কবলে পড়ে বসতভিটাসহ সহায়-সম্বল বিক্রি করেছেন অনেকে। বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার রেখা খাতুন, শিরি বেগম, নজরুল ইসলাম, নাজমা খাতুন ও সিরাজুল ইসলাম; মৈত্রবাধা মহল্লার তাজেম আলী, চম্পা বেগম ও আমির আলী তাঁদেরই কয়েকজন। এঁদের মধ্যে নজরুল ও সিরাজুল সর্বস্বান্ত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁদের প্রতিবেশীরা বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুত্তালিব সরকার বলেন, ‘সুদখোর মহাজনদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘নিবন্ধনহীন সমিতিগুলো আমাদের আওতাভুক্ত নয়। কাজেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই।’