ঋণের ফাঁদে সর্বস্বান্ত হচ্ছে অভাবীরা
রংপুরের তারাগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের অনুকূল চন্দ্র চুল কেটে ভালোই দিন কাটাচ্ছিলেন। দুই বছর আগে তাঁর স্ত্রী শ্যামলী রানী হঠাৎ অসুস্থ হন। স্ত্রীর চিকিৎসার জন্য মাসে শতকরা ৩০ টাকা সুদে তিনি ১০ হাজার টাকা ঋণ করেন। সাদা স্ট্যাম্পে সই করে পাঁচ মাসের জন্য দুই দাদন ব্যবসায়ীর কাছ থেকে অনুকূল চন্দ্র ওই ঋণ নেন।
অভাবের কারণে নির্ধারিত সময় সুদাসলে অনুকূল ওই অর্থ পরিশোধ করতে পারেননি। তাই দাদন ব্যবসায়ীরা তাঁকে প্রায়ই অপদস্থ করতেন। তিনি বাধ্য হয়ে এক বছরের মাথায় বেসরকারি সংস্থা (এনজিও) ও স্থানীয় অন্য চারজন দাদন ব্যবসায়ীর কাছ থেকে আরও ৬০ হাজার টাকা ঋণ নেন। এ থেকে স্ত্রীর পেছনে ব্যয় করেন ২৫ হাজার টাকা। বাকি ৩৫ হাজার টাকা দিয়ে আগের দুজনের সুদ পরিশোধ করেন। পরে অন্যদের সুদের টাকা দিতে ও স্ত্রীর চিকিৎসা করাতে তিনি আরও দুজনের কাছ থেকে ১৬ হাজার টাকা করেন।
এভাবে অনুকূল চন্দ্র দুই বছরের মাথায় আটজনের কাছে ৯৫ হাজার টাকা ঋণের ফাঁদে আটকা পড়েন। এই টাকা পরিশোধের জন্য তিনি দুই মাস আগে ঘরের আসবাবপত্র ও যৌথ মালিকানাধীন ১৭ শতক জমি বিক্রি করেন। সেখান থেকে তিনি ৪২ হাজার টাকা দুই দাদন ব্যবসায়ীকে দেন, বাকি টাকা পরিবারের সদস্যদের মধ্যে ভাগাভাগি হয়। এ খবরে অন্য দাদন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে টাকা ফেরত দিতে হুমকি দেন তাঁরা। ভয়ে অনুকূল এক মাস আগে আত্মগোপন করেন।
অনুকূলের বাবা সতীশ চন্দ্র গত সোমবার বলেন, ‘সুদাসলে টাকা পরিশোধের জন্য দাদন ব্যবসায়ীরা এখন আমাকে হুমকি দিচ্ছে।’
দাদন ব্যবসায়ী পলাশবাড়ী গ্রামের মিজানুর রহমান বলেন, ‘হুমকি নয়, অনুকূল আত্মগোপন করায় তাঁর বাবাকে টাকা পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে।’
অনুসন্ধানে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে অনুকূলের মতো অন্তত ৫০ জন লোক দাদন ব্যবসায়ীদের অত্যাচারে নিজ বাড়ি ছেড়ে আত্মগোপন করেছেন। আবার কেউ কেউ ভিটেমাটি বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করছেন।
সুদের টাকা শোধ করতে ব্যর্থ হওয়ায় মেনানগর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে রইচ উদ্দীনও গ্রাম ছেড়েছেন। ওই এলাকার বাসিন্দা ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়াউল হকসহ তিন-চারজন জানান, কাঁচা তরকারির ব্যবসার জন্য রইচ উদ্দীন চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ হাজার টাকা নেন। সুদাসলে তা চার গুণ হওয়ায় দাদন ব্যবসায়ীরা তাঁকে পিটিয়ে টাকা আদায়ের হুমকি দেন। এ পরিস্থিতিতে এক বছর আগে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এ ছাড়া পোদ্দারপাড়া গ্রামের আশরাফুল ইসলাম, হাতিবান্ধা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, আলমপুর গ্রামের সেকেন্দার আলী, মেনানগর গ্রামের মন্তা মিয়া, দোলাপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান ও আমজাদ হোসেন, ডাঙ্গাপাড়া গ্রামের সাহেবা খাতুন, ঘনিরামপুর গ্রামের সুমন বাবুসহ প্রায় ৫০ জন চক্রবৃদ্ধি সুদের কবলে পড়ে বসতভিটাসহ সহায়সম্বল বিক্রি করে দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দাদন ব্যবসাকে কেন্দ্র করে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে নামসর্বস্ব একাধিক সমিতি। কৃষক-দিনমজুর ছাড়াও শিক্ষকদের চেক বন্ধক নিয়ে দাদন দেওয়া তাদের কাজ। এ ছাড়া কিছু মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের লোকজন শিক্ষকদের চেক বন্ধক নিয়ে ঋণ দিচ্ছেন। চেকের টাকা ব্যাংক থেকে তুলতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য সাদা স্ট্যাম্পে সই নেওয়া হচ্ছে। শিক্ষক ও চাকরিজীবীরা শতকরা ১০ থেকে ১৫ টাকা সুদে চেকবই বন্ধক রেখে টাকা নেন। আর কৃষক, দিনমজুরসহ অন্যান্য পেশার মানুষ শতকরা ২৫ থেকে ৩০ টাকা সুদে অঙ্গীকারনামায় সই করে টাকা নেন।
তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সুদের টাকা দিতে গিয়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন।
ইকরচালী ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন জানান, দাদন ব্যবসায়ীদের ভয়ে এ ইউনিয়নের ২০-২৫ জন আত্মগোপন করে আছেন।
আলমপুর ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ও হাড়িয়ার কুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় জানান, একই কারণে এলাকা ছাড়া এ দুটি ইউনিয়নের ২২ থেকে ২৫ জনের তালিকা তাঁদের হাতে রয়েছে।
মেনানগর গ্রামের বিশাদু মিয়া বলেন, দাদন ব্যবসায়ীরা যা করছেন তা একজন বিপদে পড়া মানুষের জন্যই করছেন। চাওয়া মাত্রই টাকা দেন বলেই তো লোকজন বিপদ থেকে উদ্ধার হতে পারে। এ জন্য তাঁরা যা নেন, সেটা তাঁদের উপকারের ফসল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, সুদখোর মহাজনদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।