ঋণের বোঝা চালকল ব্যবসায়ীদের ঘাড়ে
বগুড়ার আদমদীঘি উপজেলায় ধান-চাল ব্যবসায় ধস নেমেছে। ভারত থেকে অবাধে চাল আসায় স্থানীয় বাজারগুলোতে চালের দাম পড়ে গেছে। এ অবস্থায় হুমকির মুখে পড়েছেন আদমদীঘির চালকল ব্যবসায়ীরা। ব্যাংকঋণের বোঝা মাথায় নিয়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে উপজেলার বেশির ভাগ চালকল।
আদমদীঘি চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ২২০টি হাসকিং এবং ১০টি অটোমেটিক চালকল রয়েছে। এগুলোর মধ্যে এখন প্রায় ৬০ শতাংশই বন্ধ।
চালকল ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, আদমদীঘিতে ধানের বাম্পার ফলন হওয়া সত্ত্বেও ভারতীয় চালে বাজার ছেয়ে আছে। ফলে স্থানীয় ব্যবসায়ীদের উৎপাদিত চাল বিক্রি হচ্ছে না। বাধ্য হয়ে তাঁরা চাল গুদামজাত করছেন। এতে দিন দিন মজুত বৃদ্ধি পেয়েছে। আর মজুত বেড়ে যাওয়ায় লোকসান দিয়ে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন এসব ব্যবসায়ী। এ ছাড়া উচ্চ সুদের কারণে অধিকাংশ ব্যবসায়ী ব্যাংকের ঋণ সমন্বয় করতে না পারায় অর্থসংকটে পড়েছেন। ঋণের বোঝায় মুখ থুবড়ে পড়েছে তাঁদের ব্যবসা।
উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, কৃষকেরাও হতাশ। তাঁদের উৎপাদিত ধান বাজারে বিক্রি করে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। সান্তাহার রাধাকান্ত হাটে আসা কৃষক আবদুল মান্নান বলেন, ধানের গড় উৎপাদন খরচ পড়ছে মণপ্রতি ৭০০ টাকা। সেখানে বিক্রি করতে হচ্ছে ৬০০ টাকা মণ দরে। কৃষক বাবুল মন্ডল বলেন, জিরাশাইল, স্বর্ণা জাতের ধানের দাম গত বছরের চেয়ে মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কম।
উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নাহিদ চালকলের স্বত্বাধিকারী আহম্মেদ স্বপন বলেন, চাল আমদানি না করার জন্য বারবার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।